দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর গ্রামের কৃষক তাজউদ্দিনের জমি ও ভিটাবাড়ি থেকে দুই দিনে ফলজ, বনজ গাছ ও বাঁশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তাজউদ্দিন কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো জব্দ করেছে।এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিষয়ে উপজেলার ভূলেশ্বর মৌজার মধ্যপাড়ার তাজউদ্দিনের পক্ষের সঙ্গে একই গ্রামের কেরামত আলীর পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কৃষক তাজউদ্দিনের অভিযোগ, গত শনি ও রোববার কেরামত আলীর নেতৃত্বে ১০-১৫ জন লোক জোরপূর্বক ওই জায়গার কাঁঠাল, তাল, পোয়া, বাঁশসহ বিভিন্ন জাতের দেড় শতাধিক গাছ কেটে ফেলে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম জানান, কর্তন করা গাছগুলো জব্দ করা হয়েছে। উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়েছে।