
বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় নদতীরবর্তী এলাকায় ভাঙন তীব্র হয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদের ভাঙনে গত এক সপ্তাহে শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকিতে আছে আরও শতাধিক বাড়ি। এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তিন সপ্তাহে পদ্মার ভাঙনে তিনটি গ্রাম এবং ফেরি ও লঞ্চঘাট এলাকার অর্ধশত পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে আরও প্রায় ১ হাজার ৩০০ পরিবার।
খোকসার ওসমানপুর, বেতবাড়িয়া ও খোকসা পৌরসভাসংলগ্ন এলাকায় গড়াই নদের পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে ভাঙনের তীব্রতাও বেড়েছে। ১৫ জুলাই থেকে গতকাল পর্যন্ত এই এলাকায় শতাধিক বাড়ি নদে তলিয়ে গেছে। গত রোববার রাতে কমলাপুর মিয়াপাড়া ও ঋষিপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর মহসিন আলীর বাড়ি, ফাতেমা বেগম, বকু মিয়া, মিন্টু, সালামত, বাদশা, আসলু মিয়া, আব্বাস এবং জুলমতের বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ এলাকায় আরও শতাধিক বাড়ি, মসজিদ, মন্দির ও কয়েক শ বিঘা ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কমলাপুর মিয়াপাড়ার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, গত তিন বছরে তাঁর তিনবার ঘরবাড়ি ভেঙেছে। বৃদ্ধ স্বামীকে নিয়ে তাঁর মাথা গোঁজার কোনো ঠাঁই নেই।
খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন, কমলাপুরে নদের ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান। তিনি বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের জরুরি ভিত্তিতে চালসহ অন্যান্য সহায়তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাসজমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসনের আওতায় নেওয়া হবে। এ ছাড়া নদের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে পাউবোকে লিখিতভাবে জানানো হচ্ছে।
বর্ষা মৌসুমের শুরু থেকেই গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মার ভাঙন দেখা দিয়েছে। চলতি মাস থেকে এর তীব্রতা বেড়েছে। ১ জুলাই থেকে গতকাল পর্যন্ত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড ছাত্তার মেম্বারপাড়ার ১৫ পরিবারের বসতভিটা, সিদ্দিক কাজীর পাড়ার ২০ এবং ফেরিঘাট এলাকার ১২ পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়েছে। এখানকার প্রায় ৯৫০টি পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের মজিদ শেখের পাড়া ও লঞ্চঘাট এলাকায় ভাঙন দেখা দেওয়ায় অনেকে সরে যাচ্ছেন। এলাকার অন্তত ৩৫০টি পরিবার ঝুঁকিতে রয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, দুটি ওয়ার্ডের অন্তত ৪০ পরিবারের বসতভিটা নদে বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে আরও প্রায় ১ হাজার ৩০০ পরিবার। ফেরিঘাট থেকে আক্কাছ আলী উচ্চবিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক ভেঙে যাচ্ছে।
এদিকে ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন শুরু হওয়ায় ২ নম্বর ঘাটটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙন তীব্র হওয়ায় ২ নম্বর ঘাটটি যেকোনো মুহূর্তে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটটিও ঝুঁকির মুখে রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে বলা হয়েছে। ২ নম্বর ঘাট বন্ধের উপক্রম হলে সময় উপযোগী ব্যবস্থা নেওয়া হবে।