দেড় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যাওয়া কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দেড় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানা ভাঙচুর, কর্মকর্তাদের মারধর ও লুটপাটের অভিযোগে গত শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এদিকে মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।কারখানার হিসাব বিভাগের ব্যবস্থাপক মো. সেলিম আনোয়ার মানিক ৯৬ শ্রমিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, অযৌক্তিক দাবিতে শ্রমিকেরা শুক্রবার সকালে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তাঁরা বিভিন্ন ধরনের ৬০টি মেশিনসহ কারখানার দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করে। এ ছাড়া শ্রমিকেরা আট হাজার টি-শার্টসহ মেশিনের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।শুক্রবারের শ্রমিক বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে শনি ও রোববার কারখানার ডাইং ও নিটিং বিভাগ এবং অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার ঘোষণা দেয়।এদিকে, শ্রমিকেরা গতকাল সকালে কারখানার মূল ফটকে জড়ো হয়ে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।কারখানার শ্রমিক রাজীব, মুসলেম, রেজাউল ও শফিকুলসহ আরও অনেকেই জানান, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ন্যায্য দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয়।এদিকে, আশুলিয়ার ঘোষবাগ এলাকার মেগপাই সোয়েটার নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে গতকাল দুপুর দুইটার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বিকেল তিনটার দিকে বাড়ি চলে যান। আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম শ্রমিকদের বিরুদ্ধে মামলা এবং সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।