দেড় হাজার একর বনের পাহারাদার একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বনাঞ্চলে মোট বনের পরিমাণ ৮ লাখ ৬৩ হাজার ২৫৬ একর। বন পাহারা দেওয়ার জন্য প্রহরী রয়েছেন ৬১৩ জন। অর্থাৎ গড়ে ১ হাজার ৪০৮ একরেরও বেশি বনাঞ্চল পাহারার দায়িত্ব পালন করেন মাত্র একজন প্রহরী। প্রহরী-সংকটের কারণে গাছ চুরিসহ বনকেন্দ্রিক অপরাধ ঠেকানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বন কর্মকর্তারা।
বন কর্মকর্তারা বলছেন, দায়িত্ব পালনের সময় বন প্রহরীদের সবার কাছে প্রয়োজনীয় অস্ত্র ও গুলি থাকে না। নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় প্রহরীরা বনদস্যুদের মারধরের শিকার হন। বনাঞ্চল রক্ষায় প্রহরীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন তাঁরা।
চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলা মিলে চট্টগ্রাম বনাঞ্চল। এই বনাঞ্চলের অধীনে ১০টি বিভাগ রয়েছে। এর মধ্যে বন ব্যবহারিক বিভাগের অধীনে কোনো বনাঞ্চল নেই। বাকি নয়টি বিভাগের আওতাধীন বনাঞ্চলের পরিমাণ ৮ লাখ ৬৩ হাজার ২৫৬ একর। এর মধ্যে ১০ শতাংশ বনাঞ্চল প্রহরীদের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে দেখভাল করা হয়।
চট্টগ্রাম বনাঞ্চলের ১০টি বিভাগে মোট বন প্রহরীর পদ রয়েছে ৮০০টি। কর্মরত রয়েছেন ৬১৩ জন। পদ শূন্য রয়েছে ১৮৭টি।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আবদুল লতিফ মিয়া বলেন, বনের পরিমাণের তুলনায় প্রহরী অনেক কম। সারা দেশে একই চিত্র। এত অল্প প্রহরী দিয়ে বন রক্ষা করা কষ্টকর।
বন বিভাগ সূত্র জানায়, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরে চট্টগ্রামে বনাঞ্চলের অধীনে কাঠ চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে ২৬ হাজার ৭৯৩টি। এ সময়ে আটক করা হয়েছে ৪ হাজার ৫৬৪ জনকে। আট বছরে প্রায় ২৬ লাখ ঘনফুট চোরাই কাঠ, ১১ লাখ ঘনফুট বাঁশ এবং প্রায় দেড় লাখ খুঁটি জব্দ করা হয়। এ ছাড়া বনের কাঠ ব্যবহারের অভিযোগে সিলগালা করা হয় ৪৩১টি করাতকল।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়া বলেন, চুরি এবং বন উজাড় ঠেকাতে সামাজিক বনায়ন হচ্ছে। তবে চট্টগ্রামে সামাজিক বনায়ন ১০ শতাংশের খুব বেশি নয়। তাই বন রক্ষার মূল দায়িত্ব প্রহরীদেরই পালন করতে হয়।
সীতাকুণ্ড অঞ্চলের বগা চত্বর বন বিটের ১ হাজার ৬৬৫ একর বন এবং ২০ কিলোমিটার সড়কে বনাঞ্চল পাহারার দায়িত্বে রয়েছেন বন প্রহরী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমি সাড়ে তিন বছর সীতাকুণ্ডে চাকরি করছি। তিনবার আমি হামলার শিকার হয়েছি। এত বড় বনাঞ্চল পাহারা দিই খালি হাতে। কোনো অস্ত্র নেই। তবে এক সপ্তাহ আগে আরেকজন নতুন প্রহরী দেওয়া হয়েছে।’
জানতে চাইলে সীতাকুণ্ড অঞ্চলের রেঞ্জ কর্মকর্তা মো. মোকতারুজ্জামান বলেন, ‘আমাদের প্রহরীদের অস্ত্র-গুলির সংকট রয়েছে। অস্ত্র থাকলেও অনেকগুলো ব্যবহার-অনুপযোগী হয়ে পড়েছে।’
বন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বনাঞ্চলের অধীনস্থ চট্টগ্রাম জেলার উত্তর বন বিভাগে (সীতাকুণ্ডের ইকোপার্কের আলাদা বিভাগসহ) ১ লাখ ৩৮ হাজার ৮৯৭ একর বনাঞ্চলের বিপরীতে প্রহরী রয়েছেন ১৪০ জন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ১ লাখ ২৪ হাজার ৭৯৫ একর বনের বিপরীতে প্রহরী রয়েছেন ১২৩ জন এবং উপকূলীয় বন বিভাগের ২ লাখ ১০ হাজার ৯১৩ একর বনের জন্য প্রহরীর দায়িত্ব পালন করছেন ৭৫ জন।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রহরী অত্যন্ত কম। স্বল্পসংখ্যক প্রহরী দিয়ে বনের কাঠ চুরি এবং অন্যান্য অপরাধ ঠেকাতে হয়। বিভিন্ন স্থানে তাঁরা মারধরেরও শিকার হন।’
চট্টগ্রাম বনাঞ্চলের অধীন কক্সবাজার উত্তর বন বিভাগে ৮২ হাজার ১৬৫ একর বন পাহারা দিচ্ছেন ৬৯ জন প্রহরী। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ১ লাখ ৪৪৭ একর বনের বিপরীতে ৯৬ জন বন প্রহরী রয়েছেন। অন্যদিকে বান্দরবান বন বিভাগের ৩৬ হাজার ৭৮০ একর বন পাহারার জন্য ৪০ জন, বান্দরবানের পাল্পউড বাগান বিভাগের ৩৩ হাজার ৮৮ একর বনের জন্য ৪০ জন এবং লামা বন বিভাগের ১ লাখ ২৬ হাজার ১৬৭ একর বনাঞ্চলের জন্য ২৮ জন বন প্রহরী রয়েছেন। এর বাইরে বন ব্যবহারিক বিভাগে দুজন প্রহরী দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন বলেন, ‘আমাদের দেশে দেড় থেকে দুই হাজার একর বন পাহারার জন্য মাত্র একজন প্রহরী থাকেন। এভাবে বন রক্ষা করা যাবে না। প্রহরীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বনাঞ্চল রক্ষায় অংশীদারিমূলক বনায়নকে গুরুত্ব দিতে হবে।’