জমিতে সেচ দিতে না পেরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিস্তা ব্যারেজ সেচনালা এলাকার বোরোচাষিরা মারমুখী হয়ে উঠেছেন। তাঁরা গত শনিবার জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়াকে ঘেরাও করে রাখেন। পরে নির্বাহী প্রকৌশলী অবিলম্বে সেচ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে চাষিরা শান্ত হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, পাউবো সৈয়দপুর বিভাগের অধীন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে তিস্তা ব্যারেজের প্রধান খালে তিনটি সেচনালা অবস্থিত। এই তিনটি নালার আওতায় ৪৮ কিলোমিটার এলাকার প্রায় দেড় হাজার একর জমিতে চলতি বোরো মৌসুমে সেচ দেওয়ার জন্য ইজারা দিতে গত জানুয়ারিতে তিনবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ইজারাদারেরা সেচনালার ইজারা নেওয়ার জন্য যে দর দিয়েছেন সেই দরে পাউবোর কর্মকর্তারা ইজারা দিতে রাজি হচ্ছেন না। ইজারাদারেরা চাষিদের কাছ থেকে সার্ভিস সার্জ সংগ্রহ করে সেচনালার মাধ্যমে জমিতে সেচ দেন।এস ৯ ডি সেচনালার ইজারাদার মো. আনিছুর রহমান অভিযোগ করেন, কার্যাদেশ না মেলায় তিনি সুবিধাভোগীদের জমিতে সেচ দিতে পারছেন না। গত বছর সেচনালার ইজারা পেয়ে সরকারি কোষাগারে দুই লাখ ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ জমা দেওয়া হয়েছে। অপর দুটি সেচনালা থেকেও অনুরূপ সার্ভিস চার্জ জমা দেওয়া হয়। কিন্তু ওই সময় তিস্তা ব্যারেজ থেকে কোনো পানি পাওয়া যায়নি বলে দেড় হাজার একর জমিতে বোরোর ফলন কম হয়েছে। এতে চাষিরা ক্ষিপ্ত হয়ে পাউবোর কর্মকর্তাদের কাছে যাচ্ছেন। চলতি মৌসুমে সেচনালায় পর্যাপ্ত পানি থাকলেও কেবল কর্তৃপক্ষের গাফিলতির কারণে জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এতে দেড় হাজার একর জমিতে বোরোর ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কৃষক মোজাম্মেল হক মৃধা, রুবেল শাহ্ ও ধীরাজ রায় জানান, জমিতে অবিলম্বে সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেচের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। জমিতে সেচ দিতে না পেরে ওই সেচনালা এলাকার সুবিধাভোগী চাষিরা গত শনিবার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাহী প্রকৌশলীকে ঘেরাও করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী সেখানে সেচনালা পরিদর্শন করার জন্য গিয়েছিলেন। নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া বলেন, ‘ইজারাদারেরা সেচনালা ইজারা নেওয়ার জন্য যে দর দিয়েছেন, তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। এ কারণে ওই দরপত্রগুলো বাতিল করায় আগের ইজারাদারদের কার্যাদেশ দেওয়ার সুযোগ নেই। আমরা নতুন করে দরপত্র আহ্বান করার প্রস্তুতি নিচ্ছি।’ নির্বাহী প্রকৌশলী আরও জানান, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য পাউবো নিজস্ব ব্যবস্থাপনায় সেচ দেওয়ার ব্যবস্থা করবে।