কক্সবাজারের পেকুয়া উপজেলার কাকপাড়ার ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যার জোয়ারের পানি ঢুকে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে। গত দুই দিনে জোয়ারের পানির কারণে উৎপাদনের জন্য প্রস্তুত করা প্রায় দেড় হাজার একর মাঠে লবণ উৎপাদন ব্যাহত হতে পারে।কাকপাড়ার লবণচাষি সৈয়দ আমিন (৩৪) ও গিয়াস উদ্দিন (৪৪) বলেন, পাঁচ দিন ধরে তাঁরা লবণ উৎপাদনের জন্য প্রায় তিন কানি (এক একরের বেশি) করে জমি প্রস্তুত করেন। আগামী ডিসেম্বর মাসের প্রথম থেকে লবণ উৎপাদনে যাওয়ার কথা। কিন্তু গত বুধবার রাতে অমাবস্যার জোয়ারের পানি ঢুকে কয়েক হাজার চাষির অন্তত দেড় হাজার একর লবণের মাঠ তলিয়ে গেছে। এখনো ওই মাঠ পানির নিচে ডুবে রয়েছে। জোয়ার নেমে গেলে ওই মাঠ আবার সংস্কার করতে হবে। এতে দরিদ্র চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, গত ২১ জুলাই সকালে সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই ইউনিয়নের কাকপাড়া পয়েন্টে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানিতে মগনামা ইউনিয়নের কালারপাড়া, কাকপাড়া, শুদ্ধখালী পাড়া, বেদেরবিল পাড়া, মরিচ্যাদিয়া, পশ্চিমকূল, সাতঘর, উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া, নতুন পাড়া, কইড়াবাজার, ষাড়দুনিয়া, মিয়ারপাড়া, পশ্চিম উজানটিয়াসহ ২০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। সকাল সাতটার দিকে জোয়ার শুরু হলে লোকজন কয়েক ঘণ্টার জন্য ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। বিকেলে ভাটার সময় পানি নেমে গেলে লোকজন আবার ঘরে ফিরে আসে। রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় আবার জোয়ার শুরু হলে লোকজনের বাড়ি ছাড়ার প্রতিযোগিতা শুরু হয়। উজানটিয়া গ্রামের লবণ ব্যবসায়ী মীর মোহামঞ্চদ নাছির উদ্দিন বলেন, অমাবস্যার জোয়ারের পানিতে উজানটিয়া জিসি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে ওই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের প্লাবনে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের প্রায় ৩০০ ঘরবাড়ি বিলীন হয়েছে। থইথই পানিতে নিমজ্জিত রয়েছে নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা। শত শত বাড়িঘরে পানি ওঠায় অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন।কাকপাড়ার লবণচাষি জসীম উদ্দিন, আবদুল লতিফ, সাতঘর পাড়ার রোস্তম আলী, ঘোষাল পাড়ার নজরুল ইসলাম বলেন, দুই মাস আগে ভাঙা বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু করা হলেও এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ করা যায়নি। ফলে জোয়ারের প্লাবনে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে ভাঙা বাঁধের নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকারদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।