দেড় হাজার কলাগাছ কেটে সাবাড়
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর উত্তর মৌলভীপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে একটি বাগানের এক হাজার ৪৭০টি কলাগাছ প্রতিহিংসাবশত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।বাগানের মালিক মান্নান বয়াতি এ ব্যাপারে গত বুধবার সদর থানায় মামলা করেছেন। পুলিশ সন্দেহবশত সুমন (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ঘোষের চর উত্তর মৌলভীপাড়ায় সাত বিঘা জমির ওই কলাবাগানের ২৭০টি গাছ এবং এক হাজার ২০০ কলার কাঁদি মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলে। গাছগুলোর কাটা হয়েছে মাঝামাঝি থেকে, আর কলার কাঁদিগুলো মাটিতে ফেলে কুচিকুচি করে কাটা হয়েছে। এতে ওই চাষির প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।মান্নান বয়াতি জানান, তিনি জমি ইজারা নিয়ে কয়েক বছর ধরে কলার আবাদ করছেন। ঈদের আগে কামরুল কসাইয়ের ছেলে সুমন কলার বাগানে গরু ঢুকিয়ে দেন। এ নিয়ে প্রথমে তাঁর (মান্নান) স্ত্রী সুফিয়া বেগম ও পরে তাঁর সঙ্গে সুমনের ঝগড়া হয়। এ সময় সুমন কলাগাছগুলো কেটে ফেলার হুমকি দেন।সুমন দাবি করেন, মাস খানেক আগে বাগানে গরু ঢোকা নিয়ে বাদানুবাদ হয়েছে এবং তিনি গাছ কাটার হুমকি দিয়েছেন—এ কথা সত্য। কিন্তু এসব গাছ তিনি কাটেননি।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গত বুধবার মামলার পর গ্রেপ্তারকৃত সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।