দেড় হাজার গ্রাহকের আমানত নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাটের প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকার আমানত হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন কথিত একটি বেসরকারি সংস্থার প্রধান। বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত হাতিয়ে নিয়েছে সংস্থাটি।হাতিয়ে নেওয়া আমানতের পরিমাণ কমপক্ষে পাঁচ কোটি টাকা বলে দাবি করছেন প্রতারিত গ্রাহকেরা। তবে কথিত ‘স্বেচ্ছাসেবী সংস্থা’র কর্মকর্তা ও কর্মীদের দাবি, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত আমানতের পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে। এদিকে প্রতারিত গ্রাহকেরা কয়েক দিন ধরে জয়পুরহাটের কালাই উপজেলার প্রধান কার্যালয়ে ভিড় করছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার কয়েক শ আমানতকারী প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কথিত সংস্থার প্রধান কার্যালয় গিয়ে সেটি সিলগালা করে দেন।কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মো. কাওছার রহমান জানান, ২০০৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে ‘মোহাইল সমাজসেবা উন্নয়ন কেন্দ্র’ নামে একটি সংস্থার নিবন্ধন নেন উপজেলার মোহাইল গ্রামের হাবিবুল আলম। স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন নিলেও সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষক দল ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের পরামর্শ দেয়। কিন্তু শর্ত পূরণ না করেই সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম চালিয়ে আসছিল।প্রতারিত গ্রাহকেরা জানান, কথিত সংস্থাটি পাস বইয়ের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে ৫০ টাকা থেকে এক হাজার টাকার আমানত সংগ্রহ করত। এ ছাড়া এককালীন সঞ্চয় হিসাবে গ্রাহকের কাছ থেকে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করা হতো। এসব আমানতের মেয়াদ ছিল এক থেকে ১০ বছর পর্যন্ত।গ্রাহকেরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে তাঁরা এককালীন রাখা টাকা ফেরতের জন্য সংস্থার প্রধানের কাছে ধরনা দিচ্ছিলেন। কিন্তু আমানত ফেরত চাইতে আসা গ্রাহকদের আশ্বাস দেওয়া হচ্ছিল, আগস্টের ২, ৮, ১২ ও ১৬ তারিখের মধ্যে আমানতের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু ৬ আগস্ট আমানত ফেরত নিতে আসা গ্রাহকেরা কর্মীদের মাধ্যমে জানতে পারেন, সংস্থার প্রধান গা ঢাকা দিয়েছেন। তাঁর তিনটি মুঠোফোনই বন্ধ।সংস্থাটির ব্যবস্থাপক আবদুল মোমেন জানান, সংস্থার সদস্যসংখ্যা এক থেকে দেড় হাজার। এসব সদস্য কালাই ও পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার।কালাইয়ের ইউএনও হাফিজুর রহমান বলেন, ‘গ্রাহকদের আমানতের টাকা হাতিয়ে সংস্থার প্রধানের গা ঢাকা দেওয়ার বিষয়টি জানার পর নথিপত্র যাতে কেউ সরাতে না পারে, এ জন্য পুলিশ সঙ্গে নিয়ে প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছি। প্রতারিত গ্রাহকদের তালিকা এবং টাকার পরিমাণ নিরূপণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি জানান, মঙ্গলবার এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সোনালী ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক উপেন্দ্র কৃষ্ণ পাল বলেন, ‘সংস্থাটির নামে একটি হিসাব খোলা থাকলেও সেখানে কোনো অর্থ জমা নেই।’