দেড় হাজার টাকায় ভারতে পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম দিয়ে অবাধে লোকজন পারাপার হচ্ছে। এ সুযোগে নারী ও শিশুদের পাচার করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন।গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ভারতে পাচারকালে পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে চারজন নারী ও ছয় শিশু ধরা পড়েছে। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। একই সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে কয়েকজন নারী-পুরুষ ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এলাকাবাসী, থানা-পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর, দক্ষিণ দামদরপুর (বাসুপাড়া) ও খিয়ার মাহমুদপুর গ্রাম দিয়ে অবৈধভাবে দুই দেশের মধ্যে লোক পারাপার হয়। ঢাকা, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকার লোকজন অবৈধভাবে কাটলার এসব গ্রাম দিয়ে ভারতে যায়। আবার ভারতের বিভিন্ন এলাকার লোকজন এসব গ্রাম দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।বিজিবি সূত্রে জানা গেছে, এ সীমান্ত দিয়ে লোক পারাপারের জন্য কয়েকটি সিন্ডিকেট রয়েছে। কাটলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রাজ্জাক, দাউদপুর গ্রামের মিজানুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম উদ্দিন, আনোয়ার হোসেন, আবদুল হামিদ, খিয়ার মাহমুদপুর গ্রামের রশিদুল ইসলাম, দামদরপুর গ্রামের মোখলেছ উদ্দিন ও মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের একরামুল হকের নেতৃত্বে একাধিক সিন্ডিকেট রয়েছে। প্রতিটি সিন্ডিকেটের নেতাদের অধীনে এলাকায় আট থেকে ১০ জন করে সদস্য রয়েছে।ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে (কথা নেওয়ার জন্য) কথা বললে কাটলার ইউপি সদস্য আবদুর রাজ্জাক, ভেলারপাড়ের একরামুল হক ও খিয়ার মামুদপুর গ্রামের রশিদুল ইসলাম জানান, ভারতে পাঠাতে তাঁরা জনপ্রতি এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা করে নেন। ওপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জনপ্রতি ৪০০ রুপি ও ভারতীয় সিন্ডিকেটের সদস্যদের ১০০ রুপি করে দিতে হয়।কাটলা ইউপির চেয়ারম্যান এম সামছুল আলম জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছেন। ইউপি সদস্য আবদুর রাজ্জাক প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, গত জানুয়ারি মাসে তিনি এ থানায় যোগদান করে দুজন নারী, একজন শিশু পাচারকারী ও দুজন ভারতীয় নাগরিককে আটক করেন; সেই সঙ্গে ছয়টি শিশু ও দুজন নারীকে উদ্ধার করেন।বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ উল হক জানান, বিজিবির অনুপস্থিতির সুযোগ নিয়ে আদম পাচারকারীরা সহজেই এসব গ্রাম দিয়ে লোকজন ভারতে পার করে দেয়। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।