
টানা তিন দিনের বৃষ্টিতে যশোরের কেশবপুর পৌর ও কেশবপুর ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেড় হাজার বাড়িঘরে পানি উঠে গেছে। হরিহর নদ খনন না করায় এবারও জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকাবাসী।
গত শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়। গতকাল রোববার সন্ধ্যায় পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এ সময়ের মধ্যে শহরের সাহাপাড়ার শতাধিক বাড়িতে পানি উঠে যায়। আলতাপোল বিশ্বাসপাড়ায় ৫০টি, মধ্যকুল খাঁপাড়ার শতাধিক বাড়ি, মধ্যকুল নাথপাড়ার দেড় শতাধিক বাড়ি, মধ্যকুল সরদারপাড়ার ১০০টি বাড়ি এবং হাবাসপোল গ্রামের ১০০টি বাড়ি ও সাবদিয়া ঋষিপাড়ার ৭০০ বাড়িতে পানি উঠে যায়। এসব বাড়ির বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া কেশবপুর শহরের কাঁচাবাজার, ধান হাঁটায় পানি উঠেছে। কেশবপুর ফিলিং স্টেশনের কাছে যশোর-সাতক্ষীরা সড়কে পানি উঠে গেছে। শহরের সাহাপাড়ার কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে যশোর সাতক্ষীরা সড়কের পাশে বাঁশ দিয়ে ঝুপড়ি বানাচ্ছে।
মধ্যকুল এলাকার বাসিন্দা ফজর আলী প্রথম আলোকে বলেন, উজান থেকে যেভাবে পানি আসছে, আজ (গতকাল) রাতের মধ্যেই জলাবদ্ধতা মারাত্মক রূপ নিতে পারে।
মধ্যকুল সরদারপাড়া এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘গত বছর ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এরপরও এ বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, হরিহর নদ, বুড়িভদ্রা নদী ও খালগুলো খনন করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, জলাবদ্ধতার কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ হেক্টর আউশ ধান, ৪৫ হেক্টর আমন ধানের বীজতলা, ৩০ হেক্টর আমন ধান ও ১৫ হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে। উপজেলা মৎস্য কার্যালয় জানিয়েছে, ১ হাজার ৫২৬টি মাছের ঘের, ৭৫২টি পুকুর পানিতে ভেসে গেছে। এতে অন্তত ৮ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন ‘এই মুহূর্তে পৌর এলাকায় দেড় হাজার মানুষ পানিবন্দী আছে। আমি এ বছরও ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছি।’
কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, তাঁর এলাকায় অন্তত ২০০ পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে।
কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘আমিও এ বছর জলাবদ্ধতার আশঙ্কা করছি। হরিহর নদে যেসব স্থানে পলি জমে ভরাট হয়ে গেছে, সেখানে ভাসমান খননযন্ত্র দিয়ে দ্রুত খনন করার জন্য পাউবোর যশোরের নির্বাহী প্রকৌশলীকে বলেছি।’
পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, অমাবস্যার প্রভাবে সাগরে এখন জোয়ার চলছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে পানি হরিহর দিয়ে কম নামছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরিহর নদের দেড় কিলোমিটার খনন হয়েছে। আরও ১৫ কিলোমিটার খননের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। সেটি অনুমোদন না হওয়ায় এ বছর কাজ করা যায়নি। তিনি আরও বলেন, একটি খননযন্ত্র দিয়ে হরিহর নদের যেখানে উঁচু রয়েছে, সেখানে খননের ব্যবস্থা করা হচ্ছে।
ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কবীর হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করছি। এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসককে পত্র দিয়েছি।’