দেড় হাজার মিটার বা এর চেয়ে বেশি দৈর্ঘ্যের সেতু, টানেল, উড়ালসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগের ওপর ন্যস্ত করে বিল পাস হয়েছে সংসদে।
গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬’ পাসের জন্য সংসদে পেশ করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়। এ আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ‘বাংলাদেশ ব্রিজ অথরিটি অর্ডিন্যান্স-১৯৮৫’ রহিত হবে।
বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে একটি বোর্ড। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে চেয়ারম্যান এবং সেতু বিভাগের সচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বোর্ড গঠিত হবে।
পাস হওয়া বিলে বলা হয়েছে, কোনো সেতু, টানেল ও স্থাপনায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে; কর্তৃপক্ষের কোনো বিজ্ঞপ্তি সরিয়ে ফেললে, সারি ভেঙে টোলঘরের কাছে জট সৃষ্টি করলে ১০ হাজার টাকা জরিমানা হবে।
পরে সংসদে রেলওয়ের সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল-২০১৬ পাস হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি পাসের জন্য উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
সামরিক শাসনামলে ১৯৭৯ সালে জারি করা এ-সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।
বিলে রেলওয়ের সম্পত্তি চুরি, অবৈধ দখলের দণ্ড সর্বোচ্চ সাত বছর এবং এই অপরাধে সহায়তার জন্য পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিলটি পাস হওয়ার পর সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদ অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।