দেড় হাজার যাত্রী নিয়ে সাগরে জাহাজ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে এফভি সোনারগাঁও নামের পর্যটকবাহী একটি জাহাজ। জাহাজে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ইঞ্জিন বিকল হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সচল করা সম্ভব হয়নি। এফভি সোনারগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়ায় জাহাজটি আটকা পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মেরামতকারী নিয়ে যাওয়া হয়েছে। রাতেই জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হতে পারবে।গতকাল সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় জাহাজ সোনারগাঁও। বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজটি আবারও সেন্ট মার্টিন থেকে টেকনাফের পথে রওনা হয়। তবে সাগরের মাঝামাঝি স্থানে এসে দুটি ইঞ্জিনই বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়ে।এদিকে এর আগে ৩ ফেব্রুয়ারি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোনারগাঁও জাহাজকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন। জাহাজে আটকা পড়া রাজধানী মিরপুরের বাসিন্দা শাহনেওয়াজ, সাভার এলাকার হামিদুর রহমানসহ একাধিক যাত্রী মুঠোফোনে প্রথম আলোকে এসব কথা জানিয়ে তাঁদের উদ্ধারে সহযোগিতা চেয়েছেন।জাহাজের যাত্রীদের অভিযোগ, সকালে জাহাজে উঠে তাঁরা চেয়ারে বসার জায়গা পাননি। এমনকি দাঁড়ানোর জায়গাও ছিল না।ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, জাহাজের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।