ইছামতি বিলে জলাবদ্ধতার কারণে নড়াইলের লোহাগড়া ও মাগুরার মহম্মদপুর উপজেলায় দেড় হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছে না। বিলের পানি নিষ্কাশনের খাল ভরাট হয়ে যাওয়ায় এবং লোকজন খাল দখল করে ঘের তৈরি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দেড় হাজার হেক্টর জমিতে প্রতিবছর ৫০ হাজার মণ ধান উৎপাদন করা সম্ভব হতো। যার দাম হতো প্রায় চার কোটি টাকা। জলাবদ্ধতার কারণে বিলের এ অংশে ৩০ বছর ধরে ধান চাষ করা যাচ্ছে না। এতে পাঁচ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।পানি উন্নয়ন বোর্ড নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ইছামতী বিলের আয়তন ৩৬ হাজার হেক্টর। এ বিল নবগঙ্গা ও মধুমতী নদীর উত্তর পাশে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নোহাটা ও পলাশবাড়িয়া ইউনিয়নসহ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া, নোয়াগ্রাম, জয়পুর ও কালনা পর্যন্ত বিস্তৃত।নড়াইল অংশে বিলের আয়তন ১৪ হাজার হেক্টর। ৩০ বছর ধরে নড়াইল অংশের প্রায় এক হাজার এবং মহম্মদপুর উপজেলায় ৫০০ হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়ে আছে।পাউবো সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে নবগঙ্গা ও মধুমতী নদীর পানি যেন বিলে ঢুকতে না পারে, সে জন্য ১৯৮৫ সালে ৮৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু হয়; যা ১৯৯৫ সালে শেষ হয়। দীর্ঘদিন সংস্কার না করায় এটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।বিলের পানি নিষ্কাশনের জন্য নয়টি খাল নবগঙ্গা ও মধুমতী নদীর সঙ্গে সংযোগ করা আছে। পানিনিষ্কাশনের জন্য বেশ কয়েকটি স্লুইসগেটও নির্মাণ করা হয়েছিল। সংস্কার না করায় বেশির ভাগ গেট জরাজীর্ণ হয়ে পড়েছে এবং পলি জমে খালগুলো ভরাট হয়ে গেছে। এ ছাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ২০০০ সাল থেকে খাল দখল করে ঘের নির্মাণ করায় খালের কোনো অস্তিত্ব নেই। এতে পানিনিষ্কাশন করা যায় না বলে বিলের জমিতে জলাবদ্ধতা দেখা দেয়।লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জরাজীর্ণ স্লুইসগেট মেরামত ও বিলের মধ্যের খালগুলো সংস্কার করা গেলে অনাবাদি জমিগুলো চাষ করা যাবে।মহম্মদপুর উপজেলার কৃষি কর্মকর্তা মনজিৎ মলিক জানান, ইছামতী বিলের প্রায় পাঁচ শ হেক্টর জমি সারা বছর জলাবদ্ধ থাকে।নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, বিলের পানিনিষ্কাশনের ব্যবস্থা করা গেলে জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হতো।পাউবোর নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী জানান, ইছামতী বিলের পানিনিষ্কাশনে খাল সংস্কারসহ স্লুইসগেট মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন।