দেয়াল আছে দরজা নেই

দেয়াল আছে। সেই দেয়াল কেটে তৈরি করা হয়েছে একটি জানালা। কিন্তু আজমপুর পোস্ট অফিসে (শাখা) ঢোকার কোনো দরজা নেই। কেউ কখনো এর প্রবেশপথ দেখেননি। তারপরও লোকে পোস্ট অফিসে আসেন। তাঁরা পোস্ট অফিস বলতে চেনেন শুধু একটি দেয়াল। সেই দেয়ালে লোহার গ্রিল দেওয়া এক জানালা দিয়ে ওপাশে থাকা কর্মচারীদের থেকে ডাকটিকিট কেনেন। চিঠি পোস্ট করেন।
কাল্পনিক নয়, সত্য ঘটনা। উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউর দক্ষিণ পাশে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর সীমানা প্রাচীরর ঘেঁষে গড়ে উঠেছে আজমপুর শাখা পোস্ট অফিস। স্থানীয় ব্যক্তিদের অনেকেই এর খোঁজ জানেন না। যাঁরা জানেন, তাঁরাও ভেতরে প্রবেশের দরজা খুঁজে পান না। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান ফুটপাতের ওপর। টং-দোকানের ভিড় ঠেলে জানালা দিয়ে হাত গলিয়ে সেরে নেন লেনদেন।
চিঠি জমা দিয়ে সরকারি কর্মচারী তাজুল ইসলাম বলেন, ‘আমি কখনোই পোস্ট অফিসের প্রবেশপথ দেখিনি। কর্মচারীরা কীভাবে ভেতরে ঢোকেন, কে জানে। পোস্ট অফিসের সেবা নিই ফুটপাতে দাঁড়িয়ে।’ গত বৃহস্পতিবার সরেজমিনে চোখে পড়ে, স্কুলের সীমানা প্রাচীরের সঙ্গেই একটি ঘর। ভেতরে দুটি টেবিল, বেঞ্চ ও কয়েকটি চেয়ার—এটিই আজমপুর (শাখা) পোস্ট অফিস। দেখা যায়, ব্যবহৃত সিল প্যাডে কালি নেই। লোহার সিলের প্রায় পুরোটাই ক্ষয়ে গেছে। সিল লাগালেও ছাপ পড়ে না। পোস্টকোডও অস্পষ্ট। এখানে দায়িত্বে আছেন একজন পোস্টমাস্টার, দুজন ডাক পিয়ন ও একজন রানার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক চিঠিই বেশি জমা পড়ে। আর বিক্রি হয় ডাকটিকিট। খাম বা পোস্টকার্ড তেমন বিকোয় না।
পোস্টমাস্টার হাবিবা খানম বলেন, ‘পোস্ট অফিসের জায়গা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আসবাবগুলোও তাদের দেওয়া। তারা বলেছিল প্রবেশপথের জায়গা দেবে। কিন্তু দেয়নি। স্কুলগেট দিয়েই আমরা আসা-যাওয়া করি। কেউ অফিসের ভেতরে আসতে চাইলে গেট পাস লাগে।’ কর্মচারীরা জানান, পোস্ট অফিসটি বহু পুরোনো। তবে নিজস্ব ভবন নেই। প্রথমে এটি ছিল ৪ নম্বর সেক্টরের থানা রোডে। সেখান থেকে উঠে আসে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে। ২০১২ সালে অফিসটি এখানে আনে। স্কুল কর্তৃপক্ষ সীমানা প্রাচীরের দেয়ালে জানালা কেটে কাজ চালানোর ব্যবস্থা করে দেয়। দিনে এখানে ৫০ থেকে ৮০টি চিঠি জমা পড়ে।
যে দেয়ালের জানালা দিয়ে পোস্ট অফিসের লেনদেন চলে, সেই দেয়ালসংলগ্ন ফুটপাতে আছে ৮ থেকে ১০টা চায়ের দোকান। ফুটপাতের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে লোকে স্বাচ্ছন্দ্যবোধ করে না। বেহাল-ব্যবস্থায় হতাশ সেবাপ্রত্যশীরা।
আজমপুর শাখা পোস্ট অফিসটি উত্তরা মডেল টাউন পোস্ট অফিসের অধীনে। মডেল টাউনের পোস্টমাস্টার খলিলুর রহমান ভূইয়া বলেন, ‘আজমপুরের পোস্টমাস্টার মূল অফিসে জানালেই নতুন সিল ও প্যাড পাবেন। জায়গা পাচ্ছিলাম না, স্কুল কর্তৃপক্ষ জায়গা দিয়েছে। বাকি ব্যবস্থাও তাদের করার কথা ছিল।’