দেয়াল দেওয়া সেই সাংসদের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় দলীয় নেতার বাড়ির চারপাশে দেয়াল তোলার জন্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংসদ নূরুল হক। তিনি বলেছেন, ভবিষ্যতে আর এমন হবে না।

সংক্ষুব্ধ পরিবার ও খুলনার স্থানীয় সাংসদ নূরুল হক ও তাঁর ছেলেদের আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাংসদ নূরুল হক এসব কথা বলেন।

খুলনার পাইকগাছা উপজেলায় বিরোধপূর্ণ ৫০ শতক জমির চারপাশে উঁচু দেয়াল তোলেন স্থানীয় সাংসদ নূরুল হক। তাতে ওই দেয়ালের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছে সেখানে বসবাসকারী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবদুল আজিজ গোলদারের পরিবার। তাঁরা এখন মই লাগিয়ে দেয়ালের ওপর দিয়ে এবং গর্ত খুঁড়ে দেয়ালের নিচ দিয়ে চলাচল করতেন। গত ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে এ-সংক্রান্ত সংবাদ প্রচার হয়। এর পরদিন আবদুল আজিজের বাড়ির চারপাশে স্থানীয় সাংসদের তোলা দেয়াল ভেঙে ফেলা হয়। রোববার দুই দফায় পুরো দেয়ালটি ভেঙে ফেলা হয়। খুলে দেওয়া হয় আজিজের নির্মাণাধীন ঘরের তালা। আজ রাজধানীতে আবদুল আজিজ, সাংসদ নূরুল হক ও তাঁর সন্তানদের ডেকে পাঠানো হয়।

ওবায়দুল কাদের আজ সাংসদ নূরুল হকের কাছে জানতে চান, কেন এমন কাজ করলেন? সাংসদ নূরুল হক কোনো কিছু না বলেই ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আর এমন হবে না।

সংক্ষুব্ধ ওই পরিবারও বলেছে, যেহেতু একটা ভুল-বোঝাবুঝি হয়েছে, তাই নিজেরাই এর সমাধান করব। আমরা অন্য কিছু করতে চাই না।

ওবায়দুল কাদের সাংসদের দুই ছেলেকে শাসিয়েছেন। তিনি বলেন, সামনে নির্বাচন এ ধরনের কার্যকলাপ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এসব খবর গণমাধ্যমে ফলাও করে প্রকাশের সুযোগ তৈরি হয়। নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে যেন এমন ঘটনা না ঘটে।

এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখানে সাংসদ দুঃখ প্রকাশ করেছেন। সমস্যাটি মিটে গেছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন দলের সাধারণ সম্পাদক।