দেয়াল ধসে দুই স্কুলছাত্র নিহত
জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়ির দেয়াল ধসে গতকাল দুপুরে হীরা (১০) ও ইয়াসিন (৮) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত হীরা শহরের পালপাড়া এলাকার কেনতু মিয়া ও ইয়াছিন মুকুন্দবাড়ি এলাকার উজির আলীর ছেলে। তাঁরা দুজনই বানিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মুকুন্দবাড়ি এলাকার একটি মাঠে গতকাল দুপুরে ১০ থেকে ১২ জন শিশু-কিশোর বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। এ সময় মাঠসংলগ্ন একটি বাড়ির দেয়াল ধসে পড়লে হীরা, ইয়াছিন ও পলাশ তাতে চাপা পড়ে। পরে জামালপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে। এরপর তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হীরাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। আহত পলাশ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।