
আসছে ঈদের পরই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। শত আর্থিক দুরবস্থার মধ্যেও একমাত্র মেয়ের বিয়ে ঘটা করেই দেওয়ার পরিকল্পনা ছিল বাবা আজান মিয়ার। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না৷ অকস্মাৎ এক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর আদুরে মেয়ের জীবন৷ বিয়ের পিঁড়িতে বসা হলো না নাসিমা আক্তারের৷
মেয়েকে হারিয়ে পাগলপ্রায় আজান মিয়া (৫০)৷ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মেয়েটার ঘটা কইরা বিয়া দেওয়ার কত ইচ্ছা আছিল আমার বুকত। নিজ চুক্ষে দুই পোলা-মাইয়া আর ভাতিজার মরণ দেখতে হইল!’
গত সোমবার গভীর রাতে সিলেট শহরতলির লাক্কাতুরায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ধসে পড়ে৷ এতে দেয়ালচাপা পড়ে চাপারতল কলোনির আজান মিয়ার ঘর। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁর মেয়ে নাসিমা আক্তার (১৯), ছেলে জাহেদ আহমদ (১৬) ও ভাতিজা রুহুল আমীন (১২)৷ দুই সন্তান ও ভাতিজাকে হারিয়ে দিশেহারা চা-শ্রমিক আজান মিয়া৷
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামটি উদ্বোধন করেন৷ সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ ও মহিলা দলের মোট ৩০টি খেলা অনুষ্ঠিত হয়৷
স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার রাত ১১টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে রাত দুইটার দিকে স্টেডিয়ামের পূর্ব দিকের দুই নম্বর গেট-লাগোয়া সীমানাপ্রাচীর ধসে পড়ে৷
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই দমকলকর্মীরা ঘটনাস্থলে যান। পরে স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে দেয়ালের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। দমকলকর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা অপর দুজনের লাশ উদ্ধার করেন।
সরেজমিনে দেখা যায়, স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারির পেছনের সীমানাপ্রাচীরটি ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, কয়েক হাজার চা-শ্রমিকের বসবাস স্টেডিয়াম লাগোয়া চাপারতলা কলোনিতে। কলোনির ঠিক ২৫ থেকে ৩০ ফুট ওপরে স্টেডিয়ামটির নির্মাণকাজ চলাকালে চা-শ্রমিকেরা তাঁদের সেখান থেকে সরিয়ে অন্যত্র বসতি করে দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁদের সে দাবি আমলে নেওয়া হয়নি।
গতকাল বেলা দুইটার দিকে বৃষ্টি শুরু হলে চাপারতলায় ফের দেয়ালধসের আতঙ্ক দেখা দেয়। এ সময় নির্মাণকাজে ত্রুটির অভিযোগ এনে চা-শ্রমিকেরা বলেন, সামান্য বৃষ্টি হলেই যেভাবে স্টেডিয়ামের মাটি ও বালু সরছে, তাতে কোনো দিন হয়তো পুরো স্টেডিয়ামটিই চাপারতলা পল্লিকে চাপা দেবে।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করে দিতে চা-বাগান কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শোক বিবৃতি: তিনজনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্ত জানা গেছে, যে প্রাচীরটি ধসে পড়েছে সেটি ২০০৬ সালে নির্মিত। এটি বাংলাদেশে আয়োজিত ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) কর্তৃক নির্মিত কাজের আওতায় ছিল না। তবে এ ব্যাপারে যথাযথ তদন্ত করা হবে।
তদন্ত কমিটি: এ ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল কাদেরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷