দেয়াল নির্মাণ ও ইট ফেলে ফের ঢোলভাঙ্গা নদী দখল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দেয়াল নির্মাণ ও ইট ফেলে আবারও ঢোলভাঙ্গা নদী দখল করেছেন জগন্নাথপুরের কাজল মিয়া ও তাঁর ভাই সজল মিয়া। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ওই দুই ব্যক্তি এ কাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে নদী দখল ও ভরাট বিষয়ে ব্যবস্থা গ্রহণে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। দেশের প্রতিটি নদী রক্ষার্থে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা ব্যবস্থা গ্রহণ করবেন।
‘বাঁশের বেড়া দিয়ে ভরাট করা হচ্ছে ঢোলভাঙ্গা নদী’ শিরোনামে প্রথম আলোয় গত ১৬ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৫ ফেব্রুয়ারি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ঢোলভাঙ্গা নদী দখল বন্ধ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুরের ঈদগাহর পূর্ব পাশে কাজল মিয়া ও তাঁর ভাই সজল মিয়া নদীর তীরে তিন বছর আগে একতলা ভবন নির্মাণ করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কাজল মিয়া ও সজল মিয়ার বাড়ির একতলা ভবনের দক্ষিণ পাশে ঢোলভাঙ্গা নদী দখল করে তাঁরা দেয়াল নির্মাণ করেছেন। তিন সপ্তাহ আগে এই দেয়াল নির্মাণ করেন বলে জানান কাজল মিয়া। গ্রামের আবদুস সালাম নদীর ধারে ইট ফেলে দখল করেন। খোদ উপজেলা ও সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে এই দখল হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
কাজল মিয়া বলেন, ‘আমার জায়গায় দেয়াল দিয়েছি, তাতে আমার দোষ কোথায়। নদীতে আমার আরও জায়গা রয়েছে।’ আবদুস সালাম বলেন, ‘নদীর ঢালটি যেন না ভাঙে, সে জন্য কিছু ইট ফেলা হয়েছে। আর আমার জমি নিচে আরও আছে। দখল করিনি, শুধু জমিভাঙন রোধ করতে কিছু ইট ফেলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘নতুন করে ঢোলভাঙ্গা নদী দখল হয়ে থাকলে আমি গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।’