দেয়াল ভেঙে ঢুকে গেল বাস, নিহত ২
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ৩৫ জন যাত্রী। গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের একজনের নাম আতিকুর রহমান (২৫)। তাঁর বাড়ি ভালুকা উপজেলায়। অপরজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভালুকা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভালুকা উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ডাকবাংলোর সামনে একটি ইটভাঙার গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সওজের ডাকবাংলোর ফটক ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
খবর পেয়ে ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে আতিকুর রহমান নামের আরও একজন যাত্রী মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করি। বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা ঘটেছে বলে আহত যাত্রীদের অভিযোগ। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।