দেয়াল ভেঙে প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দ্দায় একটি বাসার সীমানা দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় l ছবি: প্রথম আলো
নর্দ্দায় একটি বাসার সীমানা দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় l ছবি: প্রথম আলো

গুলশান থানাধীন নর্দ্দা এলাকায় গতকাল রোববার দুপুরে একটি ভবন ভাঙার সময় দেয়াল ভেঙে প্রাণ গেছে দুজনের। তাঁদের একজন মো. আরেফিন (২৮)। অন্যজনের পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সামসুদ্দিন (৬০) নামে এক ফলবিক্রেতাও আহত হয়েছেন। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া জানান, নর্দ্দা এলাকায় প্রধান সড়কের পাশে ক-৫৭/১ নম্বরের একটি টিনশেড দোকান ভাঙার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় দেয়াল ভেঙে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দোকানের সামনের ফুটপাথে বসে ফল বিক্রির সময় দেয়ালচাপায় আহত হন ফলবিক্রেতা সামসুদ্দিন।
পুলিশ জানিয়েছে, ওই ঘরটির মালিক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনো মামলা বা অভিযোগ করেননি।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আরেফিনের স্ত্রী তাসলিমা বেগম ও ভাই আব্বাস আলী গতকাল সন্ধ্যায় মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কালাচাঁদপুর এলাকায় থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে।
তাসলিমা বেগম বলেন, গতকাল সকালে তাঁর স্বামী বাসা থেকে কাজে বের হয়েছিলেন। দুপুরে তিনি স্বামীর মৃত্যুর খবর শোনেন।
পুলিশ জানিয়েছে, নিহত আরেকজনের পরনে ছিল লুঙ্গি ও কালো গেঞ্জি। তিনি ভবনমালিকের নিয়োগ করা শ্রমিক নন বলে ভবনমালিক পুলিশকে জানিয়েছেন।