দেয়াল যেন একখণ্ড বাংলাদেশ

দেয়ালে আঁকা অসংখ্য ছবি। বায়ান্নর ভাষা আন্দোলন, রাষ্ট্র ভাষা বাংলা চাই, শহীদ মিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীপ্তময়ী ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ, ২৫ মার্চের গণহত্যা, বাঙালিদের আন্দোলন, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ, ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের আঁকা ছবিগুলোই যেন একখণ্ড বাংলাদেশ। আঁকা এসব ছবি স্মৃতিচিহ্ন হলেও প্রকৃতপক্ষে এগুলোই বাংলাদেশের অস্তিত্ব। এসব ছবি আঁকা হয়েছে বিদ্যালয়ের দেয়ালে।
৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদ্যাপন করতে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতর ও বাইরের রংতুলি দিয়ে এসব ছবি এঁকেছে। গতকাল সকাল আটটা আট মিনিটে জেলার বিশিষ্ট আট কৃতী সন্তান ‘রঙিন হবে আমাদের স্কুল’ নামক ব্যানারে আয়োজিত মুক্ত দিবস উপলক্ষে বিদ্যালয়ের দেয়ালে আঁকা ছবির নামফলক উদ্বোধন করেন। পরে তাঁরা বিদ্যালয়ের বাইরের দেয়ালে আঁকা বিভিন্ন ছবি ঘুরে ঘুরে দেখেন।
প্রথম আলো ও বার্জারের সহযোগিতায় সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত ‘রঙিন হবে আমাদের স্কুল’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) সোনিয়া পারভীন, প্রথম আলোর ব্র্যান্ড কমিউনিকেশন ব্যবস্থাপক জাবেদ সুলতান, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, আইনজীবী সৈয়দ তানভির ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আট বিশিষ্ট ব্যক্তির মধ্যে ছিলেন একাত্তর টেলিভিশনের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের সহকারী সম্পাদক ফারহানা মিলি, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সায়েরা বেগম, সোস্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট সোলায়মান সুখন, ক্ষুদে গানরাজ প্রান্তি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিবর্ধন রায়।
আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠন সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সীমানাপ্রচীরের বাইরে ৪৮টি ব্লকে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র, ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ছবি আঁকা হয়েছে।
বিদ্যালয়ের বাইরের দেয়ালে আঁকা ছবিগুলো দেখে অন্তত অর্ধশতাধিক মানুষকে একটি মন্তব্য করতে দেখা গেছে, এই ছবিগুলো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত করবে।
অরন্বিতা সাহা, ফারিয়া রহমান, ফারিয়া তাহসিন, সুমাইয়া আক্তার, নাওশিন আয়েশা, ফারজানা বুশরাসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী বলে, ‘আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। বইয়ে পড়েছি। দেয়ালে আঁকা ছবিগুলো দেখে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আরও জানতে পারছি। অনেক ভালো লাগছে। মনে হচ্ছে, আমরা আবার নতুন করে ’৭১-এর মুক্তিযুদ্ধের সময়টা ফিরে পেয়েছি।’