দেয়ালচাপায় মা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামে গত সোমবার মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা বাজার এলাকার মৎস্যজীবীপাড়ার নূর মোহাম্মদের স্ত্রী রাজিয়া বেগম (৫৫) ও তাঁদের ছেলে হাবিবুর রহমান (৩৫) বাড়ির উঠানে বসে মাছ ধরার চাঁই তৈরি করছিলেন। এ সময় মাটির তৈরি ঘরের একটি দেয়াল হঠাৎ তাঁদের ওপর ধসে পড়ে। এতে তাঁরা উভয়েই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মারা যান। নূর মোহাম্মদ জানান, বছরখানেক আগে ঘরের দক্ষিণ পাশের দেয়ালে বড় ধরনের একটা ফাটল সৃষ্টি হয়। টাকার অভাবে তা মেরামত করতে পারেননি। কয়েক দিনের বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে।