দেয়ালচিত্র নষ্টের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংতুলির আঁচড়ে কেবল শিল্প ফুটে উঠছে না, এর সঙ্গে জড়িয়ে আছে অশুভ শক্তিকে রুখে দাঁড়ানোর সংকল্পও। পোড়া মবিল ঢেলে দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে বর্ষবরণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র (ডান পাশের কালো অংশ)। প্রতিবাদ জানাতে সেটি সেভাবেই রেখে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়ক থেকে তোলা ছবি l সৌরভ দাশ
রংতুলির আঁচড়ে কেবল শিল্প ফুটে উঠছে না, এর সঙ্গে জড়িয়ে আছে অশুভ শক্তিকে রুখে দাঁড়ানোর সংকল্পও। পোড়া মবিল ঢেলে দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে বর্ষবরণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র (ডান পাশের কালো অংশ)। প্রতিবাদ জানাতে সেটি সেভাবেই রেখে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়ক থেকে তোলা ছবি l সৌরভ দাশ

প্রতিবার ঢোলের বাদ্যির তালে তালে এগিয়ে চলে বর্ষবিদায়ের শোভাযাত্রা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘাটতি ছিল না উচ্ছ্বাস-উদ্দীপনাতেও। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বের হওয়া বাংলা বর্ষবিদায়ের শোভাযাত্রা নিছক আনন্দ প্রকাশের মাধ্যম হয়ে থাকেনি। চোখে-মুখে, শরীরী ভাষায়, দৃপ্ত কণ্ঠে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান দিচ্ছিলেন অশুভ শক্তিকে রুখে দাঁড়ানোর সংকল্পের কথা।
শোভাযাত্রায় অংশ নেওয়া চারুকলার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা ফারিন বলেন, ‘আমরা ভীত নই। যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ ধারণ করে শোভাযাত্রা করছি।’
বাংলা নববর্ষকে বরণ করে নিতে দেয়ালচিত্রে চারুকলার ছাত্র-শিক্ষকেরা ফুটিয়ে তুলেছিলেন এ দেশের লোকজ সংস্কৃতিকে। গত মঙ্গলবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পোড়া তেল (মবিল) ঢেলে নষ্ট করে দেয় চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের সেই দেওয়ালচিত্র। প্রতিবাদ হিসেবে নষ্ট করে দেওয়া দেয়ালচিত্র সেভাবেই রেখে দেওয়া হয়েছে। গতকাল সকালে এই দেয়ালের বাকি অংশে চলে নতুন চিত্র আঁকার কাজ।
নষ্ট করে দেওয়া সেই দেয়ালচিত্রের পাশেই চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল বিকেল চারটায় শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতির ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। দেয়ালচিত্রে আঘাতের কারণে এবারের বর্ষবিদায় উৎসব প্রতিবাদের। সবাই মিলে অশুভ শক্তিকে বিনাশ করতে হবে।
রংবেরঙের মুখোশ, পাখা, সাজসজ্জার উপকরণ নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। ঢোল, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়ে শোভাযাত্রাটি মাতিয়ে রাখেন তাঁরা। শোভাযাত্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে যুক্ত হন অন্য শ্রেণিপেশার মানুষও। শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়ে চট্টগ্রাম নগরের চটেশ্বরী সড়ক, কাজীর দেউড়ি হয়ে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী বিজন বিশ্বাস বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য বর্ষবিদায় ও বরণ। কোনো গোষ্ঠীর কারণে এই উৎসব বন্ধ হবে না।
আবির মণ্ডল নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘যারা বাঙালি সংস্কৃতিকে ভয় পায়, তারাই দেয়ালচিত্রে আঘাত হেনেছে। আমরা আঘাতে ভীত নই। তাই নতুন করে আলপনা করছি। দেয়ালচিত্র করছি।’
জানতে চাইলে চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী বলেন, ওই ঘটনার পর কিছু সময়ের জন্য শিক্ষক-শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছিল। কিন্তু সবাই আবার ঘুরে দাঁড়িয়েছি। শুক্রবারের মঙ্গল শোভাযাত্রার জন্য সবাই প্রস্তুত।
এদিকে দেয়ালচিত্রে আঘাত হানার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি। বাদশা মিয়া সড়কের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কিন্তু তাতে ওই সময়ে (মঙ্গলবার রাত ১২টার আগে–পরে) ওই এলাকায় মোটরসাইকেল চলতে দেখা যায়নি বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু এখনো সেভাবে কিছু পাওয়া যায়নি। তবু চেষ্টা চলছে।
নববর্ষ পালন ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও ধর্মান্ধদের সঙ্গে সরকারের ‘আপস’–এর প্রতিবাদে গতকাল বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সাংস্কৃতিক সংগঠন উদীচী। এতে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, সরকার মনে করছে হেফাজতের সঙ্গে আপস করে নির্বাচনী বৈতরণি পার হবে। কিন্তু সেটা ভুল। কারণ, ঐতিহ্যগতভাবেই হেফাজত আওয়ামী লীগকে ভোট দেবে না। অতীতেও দেয়নি। তারা কেবল সুবিধা নিচ্ছে।
সমাবেশে উদীচীর চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
এদিকে দেয়ালচিত্র নষ্ট করার প্রতিবাদে নগরে মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।