দেয়ালজুড়ে চাকরির বিজ্ঞাপন, প্রতারণার ফাঁদ
‘পার্ট টাইম চাকুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত গ্রুপ অব কোম্পানীতে সম্পূর্ণ অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য কিছুসংখ্যক পুরুষ/মহিলা, ছাত্রছাত্রী আবশ্যক। সপ্তাহে তিন দিন, তিন ঘণ্টা। বেতন ৫ থেকে ১০ হাজার টাকা। ছাত্রছাত্রীদের অগ্রাধিকার।’বাস থেকে শুরু করে নগরের অলিগলি, রাজধানীজুড়ে সবখানেই চোখে পড়ে এ ধরনের আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন দেখে প্রতারিত হচ্ছেন অনেকে। খণ্ডকালীন চাকরি দেওয়ার নামে চলছে প্রতারণা। বিশেষ করে ঢাকায় নতুন আসা শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি টাকা আয়ের উৎস খুঁজতে গিয়ে এসব প্রতারণার ফাঁদে পড়ছেন।এ ধরনের একটি বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোন নম্বর দেখে চাকরির জন্য যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে শ্যামলী বাসস্ট্যান্ডে গিয়ে ফোন করতে বলা হয়। সেখানে গিয়ে যোগাযোগ করলে পিসি কালচার ভবনের চতুর্থ তলায় ‘রিয়া ম্যাডামের’ খোঁজ করতে বলা হয়। চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, সেটি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা কার্যালয়।সেখানে একজন নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, চাকরি করতে হলে প্রথমে সাক্ষাৎকার দিতে হবে। পদ হবে সহকারী ব্যবস্থাপকের। যাঁরা অফিসে আসেন, তাঁদের কাজ বোঝানোই কাজ। বেতন পাঁচ হাজার টাকা। সাক্ষাৎকারে উত্তীর্ণ হলে ৫১৫ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। টাকা সঙ্গে না থাকলে সাক্ষাৎকার নেওয়া হবে না। এরপর দুই দিনের প্রশিক্ষণ। এ জন্য দিতে হবে আরও দুই হাজার টাকা। প্রশিক্ষণের পর একটি বিমা সংগ্রহ করে দিতে হবে। তারপর চাকরি। আর তা না পারলে চাকরিও হবে না। কোনো টাকাও ফেরত দেওয়া হবে না।৫১৫ টাকা কেন জানতে চাইলে তিনি জানান, কোম্পানির পক্ষ থেকে পরিচয়পত্র, আইডি কার্ড দেওয়া ও নিবন্ধনের জন্য এই টাকা। আর বাকি টাকা প্রশিক্ষণের জন্য।সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপমহাব্যবস্থাপক (অর্থ) কল্যাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কোম্পানির প্রধান কার্যালয় ছাড়া কেউ কাউকে চাকরি দিতে পারেন না। প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বোর্ডের মাধ্যমে চাকরি দেওয়া হয়। এর বাইরে কেউ চাকরি দেওয়ার কথা বললে সেটি ভুয়া, তাঁরা প্রতারণা করছেন।পিসি কালচার ভবনে তাঁদের একটি কার্যালয় আছে স্বীকার করে তিনি বলেন, এ ধরনের কোনো কিছু সেখানে করার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের নাম বিক্রি করে অনেকে প্রতারণা করছে। আমাদের মাঠপর্যায়ের কিছু কর্মীরও এতে যোগসাজশ আছে।’ এ ধরনের কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলেও তিনি জানান।অনেক ক্ষেত্রে আবার প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয় না। এ ধরনের চাকরি করতে গিয়ে প্রতারণার শিকার একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, শেষ পর্যন্ত এভাবে কেউ চাকরি পান না এবং কিছু অর্থ খরচ করার পর খালি হাতে ফিরে আসতে হয়।আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মো. সাঈফ আল আরেফিন জানান, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে রাস্তার দেয়ালে খণ্ডকালীন চাকরির একটি বিজ্ঞাপনে (ডিএক্স প্রা. লি.) শুধু একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। গত ৭ এপ্রিল যোগাযোগ করলে পরদিন ফার্মগেটের মালেক টাওয়ারের নবম তলায় গিয়ে যোগাযোগ করতে বলা হয়। সেখানে গিয়ে তিনি কোনো প্রতিষ্ঠানের নামফলক পাননি। অভ্যর্থনা কক্ষে থাকা একজন তাঁকে জানান, তিনি ঠিক জায়গায় এসেছেন। এরপর একজন নিজেকে ফয়সাল বাদশা পরিচয় দিয়ে মৌখিক পরীক্ষা দিতে বলেন। টিকলে তবেই চাকরি। বেতন সাড়ে তিন হাজার টাকা। সাক্ষাৎকারের পর বিবেচিত হলেন সাঈফ।কী চাকরি জানতে চাইলে তাঁকে জানানো হলো, গ্রাহকদের সঙ্গে কথা বলা ও সদস্য বাড়ানো। আর এ জন্য বেশ কিছু বিজ্ঞাপন নগরের বিভিন্ন জায়গায় লাগাতে হবে। অফিসে সময় দিতে হবে সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে। তবে এর আগে ৫১০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। টাকা না থাকার কথা জানালে ১০০ টাকা অগ্রিম দিতে বলা হয়। তখন সাঈফ প্রতারণা বুঝতে পেরে পালিয়ে আসেন।সাঈফ টাকা না দিলেও অনেকেই টাকা দিয়ে আসেন চাকরি পাওয়ার আশায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আবু তাহের জানান, তিনিও মালেক টাওয়ারেই এ রকম ফাঁদে পড়েছিলেন। চাকরি পাওয়ার আশায় তাঁদের কথামতো ২৫০ টাকা দিয়েছিলেন। এরপর গিয়ে যাঁকে টাকা দিয়েছেন, তাঁকে আর পাননি।একইভাবে প্রতারিত এলিজা শিকদার জানান, সাক্ষাৎকার নেওয়ার পর দুই দিনের প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দেওয়ার কথা বলা হয়। এলিজা বলেন, ‘পরদিন তারা বলে, আড়াই শ টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। টাকা দেওয়ার পর বলা হয়, ছয় হাজার টাকা দিয়ে নিজের একটি বিমা করতে হবে। বেতন থেকে এ অর্থ কেটে রাখার কথা বললে তারা জানিয়ে দেয়, টাকা না দিলে কোনো চাকরি হবে না। পরে তারা দুর্ব্যবহার করলে বাধ্য হয়ে চলে আসি।’বেশ কয়েকটি বিজ্ঞাপন সংগ্রহ করে দেখা যায়, সবই প্রায় একই ধাঁচের। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ‘জামানত নিষ্প্রয়োজন’ বা বেতনের পরিমাণও উল্লেখ থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই কোম্পানির নাম উল্লেখ করা হয় না। যোগাযোগের ঠিকানাও দেওয়া হয় না। থাকে কেবল একটি মুঠোফোন নম্বর।একটি ‘জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি’তে মালয়েশিয়া-বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান বলা হলেও প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ নেই। বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোন নম্বরে (০১৯২৯৬৭৯৭০৭) যোগাযোগ করা হলে একজন মহিলা ফোন ধরেন এবং সাংবাদিক পরিচয় দেওয়ার পর ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এ ধরনের বিজ্ঞাপনে থাকা নম্বরে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দেওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রেই কেউ কথা বলতে রাজি হননি।এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুুবুর রহমান প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে তাঁদের কাছে চাকরিতে প্রতারণার অভিযোগ আসে। কেউ কেউ সাধারণ ডায়েরি করে। কিন্তু পার্ট টাইম চাকরির নামে কোনো প্রতারণার অভিযোগ তিনি পাননি। এ ধরনের কোনো তথ্যও তাঁর কাছে নেই।