দেয়াললিখন ও পোস্টারে শহরের সৌন্দর্যহানি
দেয়াললিখন, পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গাজীপুর জেলা শহর। এতে স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে শহরটি। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে দেয়াললিখন, পোস্টার ও ব্যানার লাগিয়ে যাচ্ছে।প্রশাসন সূত্র জানায়, দেয়াললিখন ও পোস্টার সাঁটানোর বিরুদ্ধে আইন আছে। এতে দেয়াললিখন ও পোস্টার লাগানোর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বনিম্ন পাঁচ হাজার, সর্বোচ্চ ১০ হাজার টাকার অর্থদণ্ড বা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা দোয়া চেয়ে শহরে বড় বড় বিলবোর্ড লাগিয়েছেন; দেয়াললিখন তো রয়েছেই। এ ছাড়া শত শত কিন্ডারগার্টেনে ভর্তির পোস্টার ও বিলবোর্ডে শহর ছেয়ে গেছে। গণশৌচাগার থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি—সব জায়গায় লাগানো হচ্ছে পোস্টার ও স্টিকার। একটির ওপর আরেকটি পোস্টার সাঁটানো হচ্ছে। কোনো কোনো দেয়ালে ‘দখল’ লিখে ‘স্বত্ব’ প্রতিষ্ঠা করে রাখা হয়েছে।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে এক গাছ থেকে আরেক গাছে ঝোলানো হয়েছে ব্যানার। জয়দেবপুর রেলওয়ে জংশন, গাজীপুর পৌরসভা, সদর হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে বিজ্ঞাপন ও পোস্টার দেখা গেছে। গাজীপুর জেলা শহরের ব্যবসায়ী কাজীম উদ্দিন বলেন, ‘বাড়ির সীমানা দেয়ালে রং দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু রঙের কাজ শেষ করার দুই দিন পর দেখি, দেয়ালে পোস্টার সাঁটিয়ে সৌন্দর্য নষ্ট করে ফেলা হয়েছে। এতে আমার রঙের টাকা পানিতে গেল।’চান্দনা এলাকার চাকরিজীবী আবদুস সোবহান বলেন, বাড়ির দেয়ালে পোস্টার লাগানোর সময় বাধা দিলে অনেক সময় লাঞ্ছনার শিকার হতে হয়। সদ্য বিলুপ্ত গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম বলেন, পৌরসভা এলাকায় পোস্টার বা ব্যানার লাগাতে হলে পৌর কর দিতে হয়। কিন্তু কেউ এ নিয়ম মানেন না। গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, অনেকবার বিভিন্ন স্থানে লাগানো সাইনবোর্ড-ব্যানার খুলে ফেলা হয়েছিল। কিন্তু লোকজন আবারও সাইনবোর্ড-ব্যানার লাগিয়ে ফেলে।