দেয়াললিখন মুছে ফেলায় মেয়রের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চট্টগ্রাম নগরে যেসব দেয়াললিখন (চিকা) ছিল, তা মুছে ফেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে দায়ী করেছে স্বেচ্ছাসেবক লীগ। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে সংগঠনের নেতারা মেয়রের অপসারণ দাবি করেন।সংবাদ সম্মেলনে মেয়রের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মফিজুর রহমান। এ সময় সংগঠনের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য নগরে দেয়াললিখন করা হয়। কিন্তু পলোগ্রাউন্ডে খালেদা জিয়ার সমাবেশের আগে এসব দেয়াললিখন মুছে দেওয়া হয়। নেতারা এর জন্য মেয়রকে দায়ী করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, দেয়াললিখন মুছে কার্যত যুদ্ধাপরাধীদের সমর্থন দিয়েছে সিটি করপোরেশন। চার দলের রোডমার্চের আগে নগরের সব বিলবোর্ড দখল করে মেয়র ‘নিজের ঢোল নিজে বাজিয়েছেন’ বলে অভিযোগ করা হয়। করপোরেশনের গাড়ি ও শ্রমিক ব্যবহার করা হয়েছে দলীয় কাজে।সংবাদ সম্মেলনে মফিজুর রহমানের অভিযোগ, সিটি করপোরেশন এখন কাগুজে বাঘে পরিণত হয়েছে। নগরের উন্নয়নকাজে গতি নেই; সমন্বয় নেই সেবামূলক কাজে। নগরে জঞ্জাল বেড়ে যাচ্ছে। নগরবাসীর ভোগান্তির সীমা আর নেই।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেয়র দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই বর্তমান সরকার সিটি করপোরেশনকে ২৫০ কোটি টাকা অনুদান দিয়ে সদিচ্ছার প্রমাণ রেখেছে। অথচ আগের মেয়রের ভালো কাজ তিনি এক ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারেননি; বরং কোনো কোনো উন্নয়ন ও সেবামূলক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দলীয়করণের কারণে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে।অভিযোগ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বক্তব্য নেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বারবার ফোন করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।