দেয়ালহীন ঘর নিয়ে হা-হুতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডর ও আইলায় পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঘূর্ণিঝড়সহনীয় ৫৫০টি ‘ঘর’ করে দেয় সরকার। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত পাকা ছাদ ও মেঝেসর্বস্ব এসব ঘরে কোনো দেয়াল নেই। তাই এগুলো উপকারভোগীদের কোনো কাজে আসছে না।আইলায় ক্ষতিগ্রস্ত মির্জাগঞ্জের মেহেন্দীয়াবাদ গ্রামের পায়রা নদীপারের জায়েদা বেগম এমনি একটি ঘর পেয়েছেন। ঘরটির চারটি থাম ও ছাদ থাকলেও চারদিকে বেড়া নেই। ঘরটি বসবাসের উপযোগী করার সামর্থ্য নেই জায়েদার। ফলে এটি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। জায়েদা বলেন, ‘মোরা গরিব হইলেও মানুষ। এই রহম ঘর দিছে মোগো। এইহানে কি থাহা যায়?’একই উপজেলার চরখালী গ্রামের সরোয়ার হোসেন মৃধাও একটি ঘর পেয়েছেন। তাঁর স্ত্রী মিনারা বেগম বলেন, ‘পাশে (প্রস্থে) সাত হাত ও লম্বায় নয় হাত করে চারদিকে পিলার ও উপরে ছাদ দিছে। সবদিক খোলা। বেড়া, দরজা, জানালা নাই। আমরা গরিব মানুষ। কেমনে বেড়া দিমু, দরজা লাগামু?’দেউলীসুবিদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ছালাম মৃধা জানান, যে উদ্দেশ্যে ঘরগুলো ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেওয়া হয়েছে, তা কাজে আসছে না।এদিকে জেলার দশমিনা উপজেলার আরজবাগী গ্রামের ওয়াজেদ ভান্ডারির ঘরটিও পরিত্যক্ত পড়ে আছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ‘বরিশাল বিভাগের আইলাবিধ্বস্ত জেলাগুলোতে ঘূর্ণিঝড়সহায়ক গৃহনির্মাণ প্রকল্প’র আওতায় ২০১০-১১ অর্থবছরে ছয় কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জেলায় ৫৫০টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে গলাচিপা, কলাপাড়া, দশমিনা ও বাউফলে ১০০টি করে, মির্জাগঞ্জে ৫০, দুমকিতে ৫০ ও সদর উপজেলায় ৫০টি ঘর করে দেওয়া হয়। ১৫ ফুট প্রস্থ ও ১০ ফুট দৈর্ঘ্যের এই ঘরে শুধু আরসিসি পিলারের ওপর ছাদ ও পাকা মেঝে করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে এক লাখ ২০ হাজার টাকা।পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুর্যোগকালীন সময়ে লোকজন যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে, এ লক্ষ্যে ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়। ঘরগুলো বসবাসের অনুপযোগী সম্পর্কে তিনি জানান, এই ঘরের নকশা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের পক্ষে দরজা, জানালা ও দেয়াল করার সামর্থ্য নেই, এটা ঠিক।