দেয়ালে ইতিহাসের টুকরো চিত্র

দেয়ালের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের টুকরো টুকরো চিত্র। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিসংগ্রাম, বাংলা নববর্ষ বরণের মঙ্গল শোভাযাত্রা—সবই স্থান পেয়েছে ওই দেয়ালে।
চট্টগ্রাম নগরের জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্থাপিত টেরাকোটায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাসের টুকরো চিত্র। গতকাল মঙ্গলবার এই টেরাকোটার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশের উদ্যোগে ও চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতায় এই টেরাকোটা স্থাপিত হয়েছে। টেরাকোটা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জেলা। চট্টগ্রাম নগর দেশের বাণিজ্যিক রাজধানী। অথচ এখনো একে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। চট্টগ্রামকে সত্যিকারের পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে প্রত্যেক নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। শৈবাল দাশের উদ্যোগে জামালখান ওয়ার্ডের চেহারা পাল্টে যাচ্ছে।
মো. সামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা এই টেরাকোটা থেকে বাংলার ইতিহাস সম্পর্কে আরও বেশি জানতে উদ্বুদ্ধ হবে, তাদের মধ্যে দেশপ্রেম বাড়বে।
টেরাকোটার নির্মাতা প্রণব সরকার প্রথম আলোকে বলেন, টেরাকোটার কোনো আনুষ্ঠানিক নাম দেওয়া হয়নি। ১৩৬ ফুট দৈর্ঘ্যের টেরাকোটায় ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম—সবই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।