দেয়ালে ছিদ্র করে তিন দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জেল সড়কে একটি ভবনের দেয়ালে ছিদ্র করে তিনটি দোকানে চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। ‘আনসার ক্লাব’ নামের ওই ভবনের তৃতীয় তলায় আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। ভবনের নিচতলায় নূর হার্ডওয়্যার, রশিদ হার্ডওয়্যার ও যমুনা হার্ডওয়্যার নামের তিনটি দোকানে চুরি হয়েছে। দোকান তিনটি থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি হয় বলে মালিকেরা দাবি করেছেন। তবে কোনো পণ্য চুরি যায়নি।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনের পেছনে একটি নালা আছে। দোকান মালিকদের দাবি, ওই নালা দিয়ে এসে যমুনা হার্ডওয়্যারের পেছনের দেয়ালে গর্ত করে চোর। এ দোকানে ঢুকে পাশের দুটি দোকানের দেয়ালে গর্ত করে। ভবনে একজন নৈশপ্রহরী ছিলেন। কীভাবে চুরির ঘটনা ঘটল, প্রাথমিক তদন্তে তা পরিষ্কার নয়।