দেয়ালে দেয়ালে পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নিতে আগ্রহী একাধিক মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রার্থীরা দোয়া প্রার্থনা করে দেয়ালে দেয়ালে ছবিযুক্ত রঙিন পোস্টার সেঁটেছেন। অথচ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। চালালে প্রজ্ঞাপনের ১০ নম্বর অনুচ্ছেদমতে নির্বাচন কমিশন ওই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৯ নম্বর অনুচ্ছেদমতে ওই প্রার্থীর বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবে।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১৮ জানুয়ারি কক্সবাজারে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২ জানুয়ারি।সরেজমিনে দেখা গেছে, ২ ডিসেম্বর তফসিল ঘোষণার পরদিন থেকে নির্বাচনে আগ্রহী মেয়র পদের প্রার্থী জগদীশ বড়ুয়া শহরের বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সেঁটেছেন। নির্বাচন কমিশনের বিধিতে নির্বাচনী প্রচারণায় প্রার্থীর সাদাকালো ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ব্যবহারের নিয়ম নেই। এ ছাড়া পোস্টার সাঁটানো নয়, বরং রশিতে ঝুলানোর বিধান রয়েছে। তা-ও করা যাবে প্রতীক বরাদ্দের পর। এ ব্যাপারে জগদীশ বড়ুয়া জানান, ‘আমার কিছু সমর্থক আইন না জেনে এসব করেছিল। এখন দেয়ালে লাগানো সব পোস্টার তুলে ফেলা হয়েছে।’গতকাল রোববার পর্যন্ত এই পৌরসভায় মেয়র পদে চারজন (জগদীশ বড়ুয়া, রুহুল আমিন সিকদার, রঞ্জিত কুমার দে ও আবদুল খালেক), কাউন্সিলর পদে ৪৯ জন এবং নারী সংরক্ষিত আসনের জন্য দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাউন্সিলর পদের প্রার্থীর মধ্যে শাহীনুর আক্তার, রমজান আলী ও সাইফুদ্দিন খালেকের বিরুদ্ধে পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। তবে তাঁরা দাবি করেছেন, নির্বাচনী ওই বিধি তাঁদের জানা ছিল না। জানার পর পোস্টারগুলো তুলে ফেলা হয়েছে। কিন্তু গতকাল রোববার বিকেল পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ওই সব প্রার্থীর পোস্টার সাঁটানো দেখা গেছে।জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, বিধি লঙ্ঘন করে যাঁরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে তাঁদের মনোনয়ন বাতিল করা হবে।নির্বাচনী ব্যয় নির্ধারণ: নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার এই পৌরসভার মেয়র, সংরক্ষিত নারী ও কাউন্সিলর পদের প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে। মেয়র পদের প্রার্থীরা ব্যক্তিগত ৩০ হাজার টাকাসহ সর্বোচ্চ চার লাখ টাকা, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ব্যক্তিগত ১০ হাজারসহ সর্বোচ্চ দেড় লাখ টাকা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীরা ব্যক্তিগত পাঁচ হাজারসহ সর্বোচ্চ ৫০ হাজার এবং অপর ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীরা ব্যক্তিগত সাত হাজারসহ সর্বোচ্চ এক লাখ টাকা খরচ করতে পারবেন।জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, নির্বাচনী বিধিমালা মতে ভোটারের সংখ্যা হিসাব করেই এই ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে। কেউ সীমা লঙ্ঘন করে অতিরিক্ত খরচ করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পৌরসভায় ১২টি ওয়ার্ডে ৬৭ হাজার ৫৭৭ জন ভোটার আছেন।