দেয়ালে দেয়ালে ফাটল এরই মাঝে পড়ছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের দেয়ালে দেয়ালে ফাটল। ধসে পড়ার আশঙ্কায় এরই মধ্যে একটি কক্ষে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে নেই সীমানাপ্রাচীর। দুটি নলকূপ আছে। তা-ও অকেজো। পানির জন্য শিক্ষার্থীদের দৌড়াতে হয় আশপাশের বাড়ি বা দোকানপাটে। এটি মৌলভীবাজার সদর উপজেলার লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে বিদ্যালয়ের আধপাকা ভবনটি নির্মিত হয়। এর বারান্দাসহ মেঝেতেও ফাটল রয়েছে। এটিতে পাঁচটি কক্ষ রয়েছে। ভেঙে পড়ার আশঙ্কায় এর পূর্বদিকের একটি কক্ষ বন্ধ রাখা হয়েছে। একটিতে শিক্ষকেরা বসেন গাদাগাদি করে। বাকি তিনটি শিশুশ্রেণী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠদান চলে। গুরুত্বপূর্ণ এ তিনটি কক্ষেও অসংখ্য ফাটল দেখা গেছে। পাশের পাকা আরেকটি ভবনে দুটি কক্ষ আছে। সেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়।বিদ্যালয়টিতে প্রায় ৪০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ছয়জন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কাগাবলা ইউনিয়নের উত্তর কাগাবলা, দক্ষিণ কাগাবলা, পূর্ব কাগাবলা ও কাগাবলা গ্রামের শিক্ষার্থীরা আসে। দেয়ালে ফাটলের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসনীম চৌধুরী বলেন, ‘দুই-আড়াই বছর ধরে দেয়ালে ফাটলগুলো দেখা দিয়েছে। মাস দুয়েক আগে একটি ভূমিকম্প হয়। এরপর ফাটলগুলো আরও বেড়ে গেছে। আমরা ভয়ের মধ্যে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছি।’অন্যদিকে, বিদ্যালয়ে দুটি নলকূপ আছে। আর্সেনিক ধরা পড়ায় এগুলোর পানি পান করা যায় না। এতে বিদ্যালয়ে পানির সংকট তীব্র হয়ে উঠেছে। শিক্ষার্থীরা আশপাশের বাড়ি, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিদ্যালয়সংলগ্ন বাজারে গিয়ে পানি পান করে। চতুর্থ শ্রেণীর ছাত্র ইমন মিয়া বলে, ‘ফাশর (পাশের) বাড়ি তাখি ফানি আনি। অনেক সময় ফানি আনতে দেয় না, আমরারে দৌড়াইয়া দেয়।’এদিকে সীমানাপ্রাচীর না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যালয়ের মাঠে কাঠ ও বাঁশ রাখছেন। শিক্ষার্থীরা খেলাধুলা করার সময় ছোট-বড় গাড়ি মাঠে ঢুকে পড়ে। তাই যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকেন শিক্ষকেরা।প্রধান শিক্ষক অমর চন্দ্র শর্মা প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে ছাত্রছাত্রী বেশি। শ্রেণীকক্ষের ধারণক্ষমতা নেই। ঝুঁকির মধ্যেই আমরা ক্লাস নিচ্ছি। যেকোনো মুহূর্তে দেয়াল ধসে পড়তে পারে। আমরা মৌখিকভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’মৌলভীবাজার সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা জানান, নতুন ভবনের জন্য বিদ্যালয়টির নাম তালিকায় দেওয়া হয়েছে।