দেয়ালে দেয়ালে বিজ্ঞাপনের আগ্রাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দেয়াললিখন ও পোস্টারের আধিক্যের কারণে পৌরশহরটি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। কোথাও কোথাও নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রচারমাধ্যম হিসেবে অন্যের দেয়াল ব্যবহার করছে।দেয়াললিখনের আগ্রাসন থেকে রক্ষা পায়নি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসকক্ষের ভেতরের অংশও। পোস্টার বা স্টিকার সেঁটে নিজ প্রতিষ্ঠানের প্রচার করছেন অনেকে।নিজ দপ্তরের প্রাচীরও রক্ষা করতে পারেননি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জানতে চাইলে ইউএনও খোরশেদ আলম বলেন, ‘উপজেলা পরিষদের এক ইঞ্চি জায়গাও খালি রাখেনি প্রচারওয়ালারা। হিসাব করে দেখলাম, এগুলো মুছতে অনেক টাকার প্রয়োজন। এ জন্য যেসব প্রতিষ্ঠান দেয়ালে লিখেছে, তাদের নিজ দায়িত্বে মুছে ফেলতে চিঠি দেওয়া হয়েছে। আদেশ না মানলে আইনিব্যবস্থা নেব।’সম্প্রতি দেয়াললিখন ও পোস্টার সাঁটার বিরুদ্ধে সংসদে একটি আইন পাস হয়েছে। এতে দেয়াললিখন ও পোস্টার লাগানোর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা, সর্বোচ্চ ১০ হাজার টাকার অর্থদণ্ড বা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।ভৈরব পৌরশহর ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচার ছাড়াই প্রধান সড়কের লাগোয়া প্রায় সব পাকা ভবনের সম্মুখ ও পেছনের ভাগের দেয়াল লেখায় ছেয়ে গেছে। বাদ যায়নি গণশৌচাগার থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটিও। জনবহুল স্থান হলে তো কথাই নেই। একটির ওপর আরেকটি পোস্টার সাঁটা হচ্ছে। কোথাও কোথাও আগেই ‘দখল’ লিখে বিজ্ঞাপন লেখার স্বত্ব যেন প্রতিষ্ঠা করে রাখা হয়েছে। বেশির ভাগ বিজ্ঞাপনের ভাষা রুচিহীন ও ভুল বানানে ভরা।ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, পুরো প্রাচীর বিজ্ঞাপনে ভরা। ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে-বাইরেও একই চিত্র। ভৈরব পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লঞ্চঘাট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে বাহারি বিজ্ঞাপনী-বাক্য দেখা গেছে।ভৈরব বাজার এলাকার ব্যবসায়ী শাখাওয়াত হোসেন বলেন, ‘ভবন তৈরি করে রুচির ছাপ রেখে দেয়ালের রং করিয়েছি। রঙের কাজ শেষ হতে-না-হতেই এক দিন সকালে দেখি, পোস্টার সেঁটে ও লিখে সৌন্দর্যের বারোটা বাজিয়ে দিয়েছে। কিছুই করার ছিল না তখন।’ শহরের কমলপুরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জামিল উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘বাধা দিতে গিয়ে উল্টো লাঞ্ছিত হয়েছি। সম্মানের কথা ভেবে চুপ হয়ে আছি।’উপজেলা পরিষদের সরকারি এক কর্মকর্তা জানান, দেয়ালগুলো দখলমুক্ত করে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’—এই জাতীয় স্লোগান লিখে দিলে উপকারে আসত।ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিন জানান, কোনো প্রতিষ্ঠান পৌরসভার কোনো স্থান ব্যবহার করলে পৌর কর পরিশোধ করতে হয়। দুঃখজনক হলেও সত্য, অনেকেই নিয়মের তোয়াক্কা করেন না। যত্রতত্র দেয়াল লিখে শহরের সৌন্দর্যহানি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।