
ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় আচরণবিধি মানছেন না প্রার্থীরা। দেয়ালে সাঁটানো হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের পোস্টার। এ ছাড়া একসঙ্গে একাধিক মাইকে চালানো হচ্ছে নির্বাচনী প্রচারণা। ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা গেছে, বাড়ি, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি মসজিদের দেয়ালেও সাঁটানো হয়েছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। উপজেলার হেঁয়াকো, বাগান বাজার, নারায়ণহাট, ভূজপুর, বিবিরহাট, নাজিরহাট, আজাদী বাজার ও নানুপুর এলাকায় দেয়ালে দেয়ালে সাঁটানো পোস্টার। এ ছাড়াও প্রায় সব প্রার্থীর সমর্থনে এক গাড়িতে একসঙ্গে একাধিক মাইকে চালানো হচ্ছে প্রচারণা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৬ মার্চ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম দুই প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। এর মধ্যে দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উত্তম কুমার মহাজনকে পাঁচ হাজার ও পোস্টারে স্বামীর দলীয় পরিচয় দেওয়ায় নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তামান্না হাসনাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উত্তম কুমার মহাজন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের দেয়ালে পোস্টার না সাঁটাতে বলে দিয়েছি। তারা কেউ দেয়ালে পোস্টার সাঁটায়নি। মনে হচ্ছে, ষড়যন্ত্রমূলকভাবে কেউ পোস্টার সাঁটিয়ে আমাকে বিপাকে ফেলার চেষ্টা করছে।’
এদিকে আচরণবিধি লঙ্ঘন নিয়ে অন্য প্রার্থীরা একে অপরের ওপর দোষ চাপান। জামায়াতে ইসলামী-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর মুহাম্মদ ইউনুস বলেন, বিরোধীদলের প্রার্থীরা প্রথমে দেয়ালে পোস্টার ও স্টিকার লাগিয়েছেন। তাঁদের দেখে অন্য প্রার্থীরাও পোস্টার লাগিয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেবুন নাহার বলেন, ‘ভুল করে কয়েকজন দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এসব ছিঁড়ে ফেলা হবে।’ বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সরওয়ার আলমগীর জানান, কয়েকটি স্থানে দেয়ালে পোস্টার দেখার পর তিনি নিজের লোকজন দিয়ে তা ছিঁড়ে ফেলেছেন। যেসব স্থানে এখনো দেয়ালে পোস্টার লাগানো আছে, তা তুলে ফেলতে কর্মীদের নির্দেশ দিয়েছেন।
ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থী মো. আবু তালেব জানান, অন্য দলের পোস্টার দেখে তাঁর কর্মীরাও দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন। এটা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং এটা করা উচিত হয়নি বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দেয়ালে পোস্টার সাঁটানো ও একাধিক মাইকে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।