দেয়ালে বন্দী হচ্ছে সাংবাদিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল প্রকল্পে নির্মাণাধীন দেয়ালের কারণে কার্যত বন্দী হয়ে পড়ছে প্রয়াত সাংবাদিক আব্দুশ শহীদের পরিবার। হাতিরঝিল প্রকল্পের জন্য নিজেদের ৬ শতক জমি থেকে ৫ শতকই দিয়ে দিয়েছিল পরিবারটি। এক শতক জমির ওপর ছোট্ট বাসায় পরিবারটির বসবাস।
পরিবারটির অভিযোগ, এ বিষয়ে সুরাহা চাইতে তাঁরা বেশ কয়েকবার প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। কিন্তু কেউই কথা বলতে রাজি হননি।
হাতিরঝিল মহানগর প্রকল্পের পাশেই আব্দুশ শহীদের দোতলা বাড়ি। ২০০৭ সালে এই প্রকল্পের জন্য বাড়ির ৫ শতক জমি অধিগ্রহণ করে বাড়িটি ভেঙে ফেলা হয়। তৈরি হয় হাতিরঝিল সড়ক। ভেঙে দেওয়ার পর ১ শতক জায়গার ওপর থাকা অবশিষ্ট বাড়িটি কোনোমতে মেরামত করে বসবাস করতে থাকে আব্দুশ শহীদের পরিবার।
প্রয়াত সাংবাদিক ও রাজনীতিকের মেয়ে জয়া শহীদ প্রথম আলোকে বলেন, জায়গা সংকুলান না হওয়ায় তিনি স্বামীসহ অন্যত্র থাকেন। হাতিরঝিলের ওই বাসায় থাকেন তাঁর বোন ও ভাই। বাসাটির তিন দিকেই বসতবাড়ি। বাসার প্রধান ফটক পার হলেই হাতিরঝিল সড়ক। ওই পথটি বাসায় যাতায়াতের একমাত্র পথ। কিন্তু সড়কের পাশে চারদিকে নির্মাণাধীন দেয়ালের কারণে বন্ধ হয়ে যাচ্ছে পথটি। নির্মাণাধীন দেয়ালের বিভিন্ন জায়গায় মানুষের চলাচলের জন্য ফাঁকা রাখা হচ্ছে। অথচ তাঁদের বাসার সামনে একটু জায়গা ফাঁকা রাখতে নারাজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তা মেজর কাজী শাকিল হোসেন বলেন, হাতিরঝিলের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তার অংশ হিসেবে এ দেয়াল নির্মাণ করা হচ্ছে। কারণ, দেয়াল না থাকায় আশপাশের মানুষ বিশেষ করে শিশুরা সড়কে অনায়াসে চলে আসছে। উল্টো পথে চলছে গাড়ি। এসব কারণে সড়ক দুর্ঘটনা হচ্ছে।
আব্দুশ শহীদের পরিবারের দুর্দশার ব্যাপারে জানতে চাইলে মেজর শাকিল বলেন, তাঁদের বাড়ির পেছন দিয়ে দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। তাঁদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টি দেখা হবে।
জয়া শহীদ বলেন, ‘এই হাতিরঝিল আমাদের অনেক কিছুই কেড়ে নিয়েছে। ৫ শতক জমি নিয়েছে। বাসার ওপর দিয়ে যাওয়া ডিপিডিসির ৩৩ কেভি বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়ে মারা গেছেন মা রাজিয়া। এত কষ্ট বুকে চাপা দিয়ে আমরা বেঁচে আছি। এখন আবার দেয়াল দিয়ে আমাদের পথ আটকে দেওয়া হচ্ছে।’
যথাযথ ক্ষতিপূরণও পাননি: ২০০৭ সালে ৫ শতক জমি অধিগ্রহণের বিরুদ্ধে আব্দুশ শহীদের স্ত্রী রাজিয়া শহীদ প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করেছিলেন। ওই সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাংসদ রাশেদ খান মেনন, বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনশন ভাঙান। তখন ক্ষতিপূরণ বাবদ ৭০ লাখ টাকা, একটি ফ্ল্যাট ও ঝিলমিল প্রকল্পে ৫ কাঠা জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আব্দুশ শহীদের পরিবার জানায়, কেউ কথা রাখেনি। শুধু দেওয়া হয়েছে ৪৭ লাখ টাকা। প্লট-ফ্ল্যাট কিছুই দেওয়া হয়নি।