দেয়ালে সময়ের ছবি

ধানমন্ডি ৬/এ আনাম র্যাংগস প্লাজার উল্টো দিকের সড়কে আবাসিক এলাকায় যেতে একটি গলি আছে। তাকালেই চোখে পড়বে নানা ধরনের আঁকিবুঁকি। তাতে দেখা যাচ্ছে, উঁচু দালান আড়াল করেছে ঢাকার আকাশ। বিলীয়মান সবুজ প্রকৃতি। আরও আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ছবি। সমাজের নিত্যদিনের ঘটনাগুলো ফুটে উঠেছে দেয়ালের ভাষা হয়ে।
হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ তাকাচ্ছেন। আবার কেউ কেউ দাঁড়িয়ে দেখছেনও এই দেয়ালচিত্রগুলো।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের একদল শিক্ষার্থী ঢাকার বিভিন্ন স্থানে ‘ওয়াল আর্ট’ প্রচার চালাচ্ছেন। তাঁদের পাঠক্রমের অংশ হিসেবে সমাজের নানা অসংগতি তাঁরা তুলে ধরেছেন দেয়ালচিত্রের মাধ্যমে।
‘অপরিকল্পিত নগরায়ণে ধ্বংস হচ্ছে প্রকৃতি’—এই ভাবনা নিয়ে কাজ করেছেন রাইয়ান সোবহান ও তাঁর দল ‘সো কোলড’। রাইয়ান বলেন, ‘উন্নয়নের কথা বলে আমরা প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি। আমাদের একমাত্র ম্যানগ্রোভ বনও হুমকিতে আছে।’
এ দলের আরেক সদস্য মারিয়া ভুঁইয়া বলেন, ‘সমস্যাগুলো আমরা সবাই জানি কিন্তু চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিচ্ছে না। মানুষের যেন চোখে পড়ে এবং বিষয়গুলো নিয়ে তাঁরা ভাবেন সে চেষ্টাই করেছি।’
ধানমন্ডি ৫/এ থেকে লেকের দিকে হেঁটে যেতে পাশের দেয়ালে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনার চিত্র। লেখা আছে ‘কী দেখার কথা? দেখছি কী?’ যেখানে দেখা যায় তরুণ সমাজ ঝুঁকে আছে ইন্টারনেট নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ সমাজের বর্তমান অবস্থানকে তুলে ধরেছেন গৌতম মল্লিক ও তাঁর দল। তিনি বলেন, ‘যে বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত, তা নিয়ে ইন্টারনেটে আমরা কথা বলি না, সময় কাটাই অন্য বিষয়ে।’
গত শুক্রবার দুপুরে গৌতমদের দেয়ালচিত্রটি মনোযোগ দিয়ে দেখছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিলা খাতুন। দেয়ালচিত্রটি নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আসলে যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, আমরা তা না করে আজাইরা বিষয় নিয়ে সময় নষ্ট করি। আমাদের ভাবা উচিত।’
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক নাইমা আলমের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ‘ওয়াল আর্ট’ প্রচারাভিযান চালাচ্ছেন। নাইমা আলম বলেন, ‘আমাদের কথা বলার সুযোগ কম। কিন্তু আমরা বলতে চাই। এ থেকেই শিক্ষার্থীদের এ কাজ।’ গত বছর থেকে শিক্ষার্থীরা এভাবে দেয়ালে চিত্রায়ণের কাজ শুরু করেছেন বলে তিনি জানান। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ‘জনসংযোগ’ পাঠ্যবিষয়ের অংশ হিসেবে এটি করা হচ্ছে। ঢাকার প্রায় সাতটি স্থানে ১২টি দল গত ২৯ থেকে ৩১ জুলাই এ চিত্রায়ণের কাজ করে।