দেয়ালের দিকে নারী আসামির মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার দুপুর ১২টা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা। জনা দশেক নারী দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। পেছনে শ খানেক পুরুষ। কেউ বসে, কেউ চিত হয়ে শুয়ে আরাম করছেন। পুরুষের মুখোমুখি হলে কটূক্তি শুনতে হতে পারে, তাই উল্টো দিকে মুখ করে দাঁড়ানোই শ্রেয় বলে মনে করেন নারীরা।
প্রতিদিন আদালতের হাজতখানার ভেতরে এই অবস্থা চলে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। সকালে পুলিশ ভ্যানে বোঝাই হয়ে আসামিরা আসেন, আদালতের কার্যক্রম শেষে আবার কারাগারে ফিরে যান। ঢাকার ৩৬টি বিচারিক আদালতে বিচারের জন্য প্রতিদিন গড়ে দেড় শ আসামি আনা হয়। এঁদের মধ্যে থাকেন ২০ থেকে ৩০ জন নারী আসামি। হাজতখানার তিনটি কক্ষের একটিতে জঙ্গি, দ্বিতীয়টিতে কাশিমপুর কারাগার থেকে আনা আসামি এবং তৃতীয়টিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা আসামিদের রাখা হয়। এই তিন কক্ষের সামনে বড়জোর চার থেকে পাঁচ হাত লম্বা একটি জায়গায় দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন নারী আসামিরা।
নারী আসামিরা বলেন, প্রিজন ভ্যানে আসামিদের ওঠানামার সময় তাঁদের আড়ষ্ট থাকতে হয়। একজন নারী আসামি প্রথম আলোকে বলেন, ‘হাজতখানায় পুরুষ আসামিদের অনেকে শিস দেয়। হাঁ করে তাকিয়ে থাকে। খারাপ খারাপ কথা বলে। তখন অনেক খারাপ লাগে। ভাষায় প্রকাশ করা যায় না।’ কাশিমপুর কারাগার থেকে আসা এক নারী বিকেলবেলা প্রথম আলোকে বলেন, ‘সেই কাকডাকা ভোরে গাড়িতে উঠেছি। পরে আদালতে এসেছি। কোর্টে তুলেছিল। কোর্টের সময়টুকু বাদে একবারও বসার সুযোগ পাইনি। আবার এখান থেকে যাব কাশিমপুর। গরমের মধ্যে জান বেরিয়ে যায়।’
এখানেই শেষ নয়, হাজতখানায় শৌচাগার মাত্র একটি। প্রতিদিনই দেখা যায়, নারী শৌচাগারে ঢুকেছেন, এমন সময় বাইরে থেকে কেউ কড়া নাড়ছেন। দেড় শ মানুষের জন্য একটি শৌচাগার থাকায় হরহামেশা এ সমস্যা লেগেই থাকে।
হাজতের পুলিশ সদস্যরাও স্বীকার করেছেন, নারীদের আলাদা কক্ষ না থাকার কারণে প্রতিদিন তাঁরা বিড়ম্বনার শিকার হন। বিশেষ করে পুরুষ আসামিদের অনেকে কটূক্তি করে থাকেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার হাজতখানায় নারীদের রাখার আলাদা কোনো জায়গা নেই। বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের পুরুষ আসামিদের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। অধিকাংশ নারী কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। তাঁদের বসারও জায়গা নেই। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু নারীদের রাখার কোনো জায়গা বরাদ্দ হয়নি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। জায়গা বরাদ্দের বিষয়টি আমাদের হাতে নেই।’ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অমানবিক। শিগগিরই ঢাকা মহানগর দায়রা জজ, জেলা জজ ও মুখ্য মহানগর হাকিমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’