দৈনন্দিন কাজের নামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী তফসিল ঘোষণার পর নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার নিয়ম না থাকলেও তা মানছে না ‘নির্বাচনকালীন সরকার’। তারা এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচনী দায়িত্বে সম্পৃক্ত ব্যক্তিদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হচ্ছে।

কোনো কোনো মন্ত্রণালয়ের নথিপত্রে এখন সই করা হচ্ছে তফসিল ঘোষণার আগের তারিখ দিয়ে। অন্যদিকে নির্বাচনকালীন নীতিনির্ধারণী কাজকর্ম সম্পর্কে আইনে স্পষ্ট উল্লেখ না থাকায় সচিবালয়ের কর্মকর্তারাও দ্বিধায় পড়ছেন। এ সময় কাজের ধরন কী হবে, তা মন্ত্রিপরিষদ বিভাগের কাছে জানতে চাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

বৈদেশিক সাহায্যপ্রাপ্ত কারিগরি সহায়তা প্রকল্প বৈদেশিক চুক্তিসংশ্লিষ্ট হওয়ায় একনেক বৈঠক করার ও প্রকল্প অনুমোদনের ক্ষমতা মন্ত্রীকে দেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, নির্বাচনকালীন সরকারের আমলে কী কী কাজ হবে, তা আইনে নির্ধারিত নেই। তবে যেসব কাজ নির্বাচনে প্রভাব ফেলতে পারে, সেসব সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যেমন পুলিশ ও শিক্ষকদের এ মুহূর্তে সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত ঠিক হচ্ছে না।

তবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘নির্বাচনকালীন সরকারে’র কাজের ধরন কী হবে, তা বর্তমান সংবিধান বা আইনে বলা নেই। রুলস অব বিজনেসেও বলা নেই। তাই এ সময়ে কী কী কাজ করা যাবে, তা মন্ত্রণালয়গুলোর বিচার্য বিষয়। এ সময়ে তারা যদি কোনো কাজের বিষয়ে অস্পষ্টতা মনে করে, তাহলে মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ নিতে পারে। এমনকি নির্বাচন কমিশনেরও পরামর্শ নিতে পারে।

পুলিশে বদলি ও পদায়ন: বদলি ও পদায়ন এ সময়ে বন্ধ হওয়ার কথা থাকলেও পুলিশের ১৪ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ১৪ জনের তালিকা পৌঁছে দেওয়া হয়।

ওই তালিকা অনুযায়ী চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তারকে নোয়াখালীতে; নোয়াখালীর এসপি আনিসুর রহমানকে চট্টগ্রামে, সাতক্ষীরার এসপি মোল্লা জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) উপকমিশনার (ডিসি); ডিএমপির ডিসি চৌধুরী মঞ্জুরুল কবিরকে সাতক্ষীরা; ডিএমপির এসপি সারোয়ার মোর্শেদ শামীমকে রাজশাহীর সারদায়; ডিএমপির ডিসি শেখ নাজমুল আলমকে দিনাজপুরে, পুলিশের এআইজি আসাদুজ্জামানকে নাটোরের এসপি; নাটোরের এসপি নাহিদ হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে; এসপি হিসেবে নাটোরে বদলির আদেশপ্রাপ্ত বাসুদেব বণিককে নড়াইলে; খুলনার এসপি গোলাম রউফ খানকে চট্টগ্রামের ডিসি, ডিএমপির ডিসি রুহুল আমিনকে খুলনার এসপি, ভোলার এসপি মোহা. মনিরুজ্জামানকে ডিএমপির ডিসি পদে বদলি ও সুদান মিশন থেকে প্রত্যাগত মনির হোসেনকে ভোলার এসপি হিসেবে পদায়নের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের যেসব উদ্যোগ এত দিন কার্যকর হয়নি, সেগুলো এখন সম্পন্ন করার জন্য গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রীর অনুমোদিত একটি সারসংক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এ সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর বিদায়ী দুই উপদেষ্টারও স্বাক্ষর রয়েছে। ওই সারসংক্ষেপে জঙ্গিবাদ নির্মূলে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম গঠন, বিমানবন্দরে নিয়োজিত ব্যাটালিয়ন জনবল বৃদ্ধি, গ্রেড-২ পদ সৃষ্টি এবং রংপুর মেট্রোপলিটন ইউনিট গঠনের সিদ্ধান্ত বাকি রয়েছে বলে দেখা যায়। অন্যগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।

প্রাথমিক শিক্ষক: নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন পর ২৬ নভেম্বর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা এক ধাপ বৃদ্ধি করে দ্বিতীয় শ্রেণী এবং সহকারী শিক্ষকদের এক ধাপ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাঁদের বেতন স্কেল বাড়বে। একই সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনও বাড়বে। প্রধান শিক্ষক ও সহকারী মিলিয়ে সারা দেশের প্রায় চার লাখ শিক্ষক এ সুবিধা পাবেন। প্রশ্ন উঠেছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী কাজের সঙ্গে সরাসরি জড়িত বিশাল এ পেশাজীবী গোষ্ঠীকে সুবিধা দেওয়া যায় কি না।

তবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন বলেন, এটা নিয়মিত কাজ। এটা হতে বাধা নেই।

তফসিলের দিনও বদলি: তফসিল ঘোষণার দিন ২৫ নভেম্বরও চারজন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদায়নের জন্য এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য এই চার কর্মকর্তাকে চার বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাঁদের ১ ডিসেম্বরের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কাজেই এ সময় এটা করার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও বৈঠকের অনুরোধ: পরিকল্পনা মন্ত্রণালয় নির্বাচন কমিশনের (ইসি) কাছে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত কারিগরি সহায়তা প্রকল্প অনুমোদনের ক্ষমতা চেয়েছে। গতকাল ইসিকে দেওয়া এক চিঠিতে এ ক্ষমতা চাওয়া হয়। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ তিনটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের ব্যবস্থা নিতে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, এ প্রকল্প তিনটি জরুরি ভিত্তিতে অনুমোদন না হলে বাংলাদেশ প্রকল্প সাহায্য থেকে বঞ্চিত হবে।

নির্বাচনকালীন কাজ নিয়ে অস্পষ্টতা: নির্বাচনকালীন কাজকর্মের ধরন নিয়ে সচিবালয়সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। তফসিলের পরপরই কোনো কোনো জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগে জানতে চেয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনসংক্রান্ত কমিটিতে সাংসদদের আগের মতো রাখা যাবে কি না। এ রকম আরও কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা আছে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের মধ্যে। তফসিলের পরপর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, তথ্য, জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের আদেশ: স্থানীয় সরকার বিভাগ গতকাল এক আদেশে বলেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি করপোরশন এমন কোনো স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করবে না, যা জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর ভোট পেতে বা প্রচারণার পক্ষে ব্যবহূত হতে পারে। একই আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো অফিস ও সম্পত্তি কোনো প্রার্থীর নির্বাচনের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।