দৈনিক ইনকিলাবের ছাপাখানায় তালা, ৩ সাংবাদিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব পত্রিকার আর কে মিশন রোডের কার্যালয়ে অভিযান চালিয়ে বার্তা সম্পাদকসহ তিন সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান হয়। ওই অভিযানের পর পুলিশ পত্রিকাটির ছাপাখানা, কম্পিউটার বিভাগ ও সার্ভার কক্ষে তালা লাগিয়ে দেয়।
আটক তিন সাংবাদিক হলেন বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক। পুলিশ কার্যালয় থেকে ছয়টি কম্পিউটারও জব্দ করে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনকিলাব কর্তৃপক্ষ জানায়, পুলিশি অভিযানের কারণে আজ শুক্রবার পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে না।
ঢাকা মহানগর পুলিশ জানায়, ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে ১৬ জানুয়ারি ইনকিলাব পত্রিকা এবং তাদের ওয়েবসাইটে একটি বানোয়াট খবর প্রকাশিত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ও সংযুক্ত দণ্ডবিধি অনুসারে রাজধানীর ওয়ারী থানায় এসআই মো. জাহাঙ্গীর আলম মামলা করেন। এতে ইনকিলাব সম্পাদক, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদককে আসামি করা হয়। মামলার পর আদালত থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ ইনকিলাব ভবনে অভিযান চালায়।
ইনকিলাব সূত্র জানায়, রাত আটটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) বিপুলসংখ্যক পুলিশ ইনকিলাব কার্যালয়ে অভিযান চালায়। প্রথমে চতুর্থ তলার সংবাদকক্ষে ঢুকে কয়েকজনকে আটক করা হয়। বাকিদের ওই কক্ষ থেকে বের করে দিলে সবাই কক্ষসংলগ্ন বারান্দায় অবস্থান নেন। পুলিশ ছয়টি কম্পিউটার জব্দ করে এবং কম্পিউটার বিভাগ ও সার্ভার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে নিচতলায় পত্রিকাটির ছাপাখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পত্রিকাটির কয়েকজন সংবাদকর্মী জানান, পুলিশ সংবাদকক্ষে ঢুকে তিনজনকে আটক করলে কারণ জানতে চাওয়া হয়। ওই সময় পুলিশ মামলা হওয়ার কথা জানিয়ে কোনো কথা বলতে নিষেধ করে। অভিযান চলে প্রায় দুই ঘণ্টা।
রাতে ইনকিলাব কার্যালয়ে আসা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ খান বলেন, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এর প্রতিবাদে আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।