দৈনিক ভাতা ২২ থেকে সর্বোচ্চ ৩৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আমলে ডাক বিভাগে শাখা পোস্টমাস্টার হিসেবে ২২ টাকা সম্মানী ভাতায় কাজ শুরু করেছিলেন আবদুল হাকিম। ৪০ বছরে ১১ দফা সম্মানী ভাতা বাড়ানোর পর এখন তিনি পান ৭৫০ টাকা। আবদুল হাকিম সরকারি কর্মচারী নন। ডাক বিভাগের ভাষায় তাঁরা হলেন ‘অবিভাগীয় কর্মচারী’ বা এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট (ইডিএ)। আবদুল হাকিমের মতো সারা দেশে অবিভাগীয় কর্মচারী আছেন প্রায় ২৪ হাজার। এঁদের মধ্যে আছেন শাখা পোস্টমাস্টার, সাব পোস্টমাস্টার, চিঠি বিলিকারী, ডাক বহনকারী, চৌকিদার। প্রতিদিন চার ঘণ্টা কাজের জন্য তাঁরা পান সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩৩ টাকা। ১১ জুলাই থেকে সম্মানী ভাতা বাড়ানোসহ সাত দফা দাবিতে অবিভাগীয় কর্মচারীরা সারা দেশে ঘর্মঘট পালন করছেন। ডাক বিভাগ অবশ্য বলছে, এঁদের সম্মানী ভাতা-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। উপজেলা পর্যায়ে ডাক বিভাগের সরকারি নিজস্ব কার্যালয় আছে। এর বাইরে ইউনিয়ন ও গ্রামে শাখা ডাকঘর আছে। সারা দেশে এ রকম শাখা ডাকঘর আছে প্রায় আট হাজার। ইউনিয়ন পরিষদ কার্যালয়, স্কুল বা কলেজে এ রকম ডাকঘর আছে। কোনো ব্যক্তি তাঁর নিজস্ব ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি অংশ ডাকঘর হিসেবে ব্যবহার করতে দেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাখা ডাকঘরের কাজ চলে। এসব শাখা ডাকঘর সরাসরি সরকারি নয়। ডাক বিভাগ বলছে, এসব শাখা ডাকঘরের কর্মচারীরা সম্মানী পেলেও তাঁরা সরকারি কর্মচারী নন। ডাক বিভাগ সূত্র জানিয়েছে, শাখা ডাকঘরগুলোতে সাব-পোস্টমাস্টার আছেন ৩২৩ জন। এঁদের মাসিক সম্মানী ৯৭৮ টাকা। মাসিক ৭৫০ টাকা সম্মানীতে শাখা পোস্টমাস্টার হিসেবে কর্মরত আছেন আট হাজার ১১৩ জন। চিঠি বিলিকারী আছেন আট হাজার ২৪৬ জন, তাঁদের মাসিক সম্মানী ভাতা ৭৩৪ টাকা। পাঁচ হাজার ৯২৫ জন ডাক বহনকারী মাসে পান ৭০৪ টাকা করে। এ ছাড়া অন্যান্য ইডি কর্মচারী যেমন চৌকিদার, ঝাড়ুদার হিসেবে শাখা ডাকঘরগুলোতে কাজ করছেন এক হাজার ৪৩২ জন। মাসে তাঁদের সম্মানী ভাতা হিসেবে দেওয়া হয় ৬৭৪ টাকা করে।শাখা ডাকঘরগুলোতে এসব পদে যাঁরা কাজ করছেন তাঁদের দৈনিক চার ঘণ্টা করে কাজ করতে হয়। ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এসব শাখায় সেবা করার মনোবৃত্তি থেকে কাজ করতেন স্থানীয় লোকেরাই। বিশেষত পোস্টমাস্টার, সাব-পোস্টমাস্টার এসব পদগুলোকে খুব সম্মানের মনে করা হতো। গ্রামে অনেক প্রভাবশালী পরিবারের লোকজন এ পদে কাজ করতেন। অন্য কোনো পেশার পাশাপাশি বা অবসরের পর সাধারণত তাঁরা এ কাজে যোগ দিতেন। বিনিময়ে তাঁদের একটি সম্মানী ভাতা দেওয়া হতো। পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ হাকিম প্রথম আলোকে বলেন, ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় তা খুবই সামান্য। তিনি তাঁদের ভাতা সর্বনিম্ন তিন হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা করা, উৎসব ভাতা, ছুটি মঞ্জুরিসহ সাত দফা দাবি জানান।এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আলাউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, শিগগির অবিভাগীয় কর্মচারীদের ভাতা বাড়ানো হবে। এর সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়ে সব কিছু পাঠানো হয়েছে। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, সম্মানী ভাতা বাড়ানোর দাবিতে গত রোববার থেকে সব শাখা ডাকঘরে ধর্মঘট করছেন কর্মচারীরা। ২২ জুলাই পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি আদায় না হলে ৮ আগস্ট থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।