দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা-বাগানের কয়েক হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন। দৈনিক ৪৮ টাকা মজুরি পান এসব চাশ্রমিক। তাঁদের পরিবারের সদস্যরা বাধ্য হয়ে পাহাড় থেকে লাকড়ি (জ্বালানি) সংগ্রহ করেন। সে লাকড়ি স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চলছে তাঁদের।চাশ্রমিকেরা জানান, প্রতি দুই বছর অন্তর অন্তর মজুরি বাড়ার কথা। কিন্তু এক বছর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মজুরি বাড়ানোর ব্যাপারে নতুন কোনো চুক্তি হয়নি। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তাঁদের মজুরি বাড়েনি। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।উপজেলার নয়াপাড়া চা-বাগানের বাসিন্দা করুণ রেলী জানান, তাঁর স্ত্রী হীরামতি রেলী বাগানে কাজ করেন। দৈনিক মজুরি পান ৪৮ টাকা। তিনি বলেন, ‘এ টাকায় সংসার চলে না। তাই বাধ্য হয়ে পাহাড় থেকে লাকড়ি চুরি করে বাজারে বিক্রি করি। তা দিয়ে সংসারের সদাইপাতি কিনি।’ হীরামতি রেলী আরও বলেন, ‘বাজারে জিনিসপত্রের যা দাম! ৪৮ টাকা মজুরি দিয়ে দুই কেজি চাল কেনা যায় না। তাই অভাব-অনটন আমাদের নিত্যসঙ্গী।’মাধবপুর বাজারের খুচরা ব্যবসায়ী নানু মিয়া বলেন, ‘দামের কথা আর কইয়েন না। এখন ১১০ টাকা কেজি যে ডাল, সেই ডাল ১০ দিন আগেও বেচ্ছি ৮৫ টাকায়। তেলের দামও ১০ টাকা বাড়ছে। হলুদের কেজি ১১০, আটা ৩৫ টাকা।’তেলিয়াপাড়া চা-বাগানের শ্রমিক মহেন্দ্র বেনার্জি বলেন, ‘দুই টাকার কেরোসিন নিলে কিছু সময় বাতি জ্বলে। বাতির আলোয় মেয়েটা লেখাপড়া করে।’ একই বাগানের শ্রমিক বাচ্চু বারাইক বলেন, ‘এত কম মজুরি আর কোনো কাজে আছে কি না, আমার জানা নাই।’ তিনি জানান, প্রতি সপ্তাহে শ্রমিকদের রেশন বাবদ সাড়ে তিন কেজি আটা দেওয়া হয়। এ জন্য আটার মূল্য বাবদ প্রাত্যহিক মজুরি থেকে এক টাকা ৩০ পয়সা কাটা হয়।নয়াপাড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি পরিমল নায়েক জানান, চা-বাগানে কাজ করেও শ্রমিকেরা চায়ের সাধ পান না। প্রতিদিন চা-পাতা দেশ-বিদেশে রপ্তানি হলেও শ্রমিকের ভাগ্যে এক চিমটি চা-পাতা মেলে না।একই বাগানের পঞ্চায়েত কমিটির উপদেষ্টা কেলু নায়েক বলেন, প্রতিদিন শ্রমিকেরা চাগাছ থেকে কাঁচা পাতা এনে রোদে শুকান। পরে লবণ দিয়ে জ্বাল দিয়ে লিকার চা তৈরি করেন। এই চা একজন শ্রমিক দিনে তিন-চার লিটার খান। এটা তাঁদের শক্তি জোগায়।শ্রমিকনেতারা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩১ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শ্রমিকেরা আন্দোলনে নামেন। শ্রমিকদের মজুরি ৪৮ টাকায় উন্নীত করা হয়। শ্রমিক আইন অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর অন্তর মজুরি বাড়ানোর কথা। কিন্তু তিন বছর ধরে মজুরি বাড়ানো হয়নি।নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক বাগানের এক ব্যবস্থাপক বলেন, ‘আমাদের কিছুই করার নেই। এটি সম্পূর্ণ মালিকদের ব্যাপার। আমরা নাক গলালে চাকরিটা হারাতে হবে।’ প্রায় একই ধরনের মন্তব্য করে নয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক এফ আই ফরিদি জানান, মালিকপক্ষ, সরকার ও শ্রমিকপক্ষ মিলে দুই বছর অন্তর অন্তর মজুরি বাড়ায়।জগদীশপুর চা-বাগানের ব্যবস্থাপক সাহদাৎ হোসেন প্রথম আলোকে জানান, বর্তমানে চাশ্রমিক ইউনিয়ন দুই ভাগে বিভক্ত। একটি নির্বাচিত, অন্যটি অনির্বাচিত। তাই মালিকপক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়নের বৈঠক হচ্ছে না। যে কারণে শ্রমিকদের মজুরিও বাড়ছে না।