দৈনিক ১৬ ঘণ্টা লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রতিদিন ১৬ ঘণ্টা লোডশেডিং চলছে। বিদ্যুৎ উপকেন্দ্র না থাকায় কয়েক বছর ধরে লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন ২৬ হাজার গ্রাহক। এক ঘণ্টা বিদ্যুৎ দিয়ে টানা দুই ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। গত জুন মাসে এখানে ৩৩৮ ঘণ্টা ৪১ মিনিট লোডশেডিং ছিল। সে হিসাবে এক মাসে ১৪ দিনের বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। উপকেন্দ্র নির্মাণের জন্য পল্লী বিদ্যুৎ অফিস থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।
চলতি মাসেও বিদ্যুৎ সরবরাহে কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বিদ্যুতের ওপর নির্ভরশীল কারখানার মালিক ও ব্যবসায়ীরা। গত মাসে ক্ষুব্ধ হয়ে লোকজন একাধিকবার সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র থেকে রায়পুরসহ কয়েকটি লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ উপকেন্দ্রের ধারণক্ষমতা কম থাকায় সব সময় বিদ্যুৎ পাওয়া যায় না। রায়পুরে উপকেন্দ্র নির্মিত হলে ছোট লাইনের (পিডার) মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এতে ১৬ ঘণ্টার লোডশেডিং অনেক কমে যাবে। লো-ভোল্টেজ সমস্যার নিরসন হবে। এ লো-ভোল্টেজের কারণে পৌরসভায় উচ্চ জলাধার ট্যাঙ্কে পানি ওঠানো যায় না। এ জন্য পৌরসভার ২৫ হাজার মানুষ পানির কষ্টে থাকে।
রায়পুরের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় সহনীয় লোডশেডিং। অথচ আমাদের এখানে লোডশেডিংয়ের মাত্রা ভয়ানক। এতে আমাদেরকে ব্যবসাপ্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা করতে হয়। এ কারণে অতিরিক্ত ব্যয় গুনতে হয়।’
রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের প্রস্তুত করা জুন মাসভিত্তিক এক প্রতিবেদনের দেখা গেছে, এ মাসের ছয় দিন ছিল সাড়ে ১২ ঘণ্টা করে, পাঁচ দিন ছিল সাড়ে ১৩ ঘণ্টা করে, তিন দিন ছিল ১৪ ঘণ্টা করে, সর্বোচ্চ ছিল ৪ জুন ১৬ ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে এ মাসে ৭২০ ঘণ্টার মধ্যে ৩৩৮ ঘণ্টা ৪১ মিনিট বিদ্যুৎবিহীন ছিল রায়পুর।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন বলেন, ‘রায়পুরে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হলে লোডশেডিং অনেক কমে যাবে। উপকেন্দ্র নির্মাণের জন্য কয়েক বছর ধরে আমার দপ্তর থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তা ছাড়া আমরা সর্বাত্মক চেষ্টা করি লোডশেডিং না করার জন্য। কিন্তু চৌমুহুনী গ্রিড থেকে আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয় না। এ জন্য লোডশেডিং হচ্ছে।’