দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি চা-শ্রমিকদের
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে স্মারকলিপি দিয়েছেন চা-শ্রমিকেরা। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
দ্রুত চা-বাগান মালিক ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই মজুরি দেওয়ার দাবি ওঠে।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ও চা-শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মঈনুর রহমান, সদস্যসচিব মুজাহিদ আহমদ, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবুল হাসান, বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, রত্না চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বিকাশ রুদ্রপাল, এলাপুর চা-বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মণীন্দ্র চাষা, করিমপুর চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আদনারায়ণ গোয়ালা, লাখাই চা-বাগানের আবদুস সাত্তার, মৌলভী চা-বাগানের কিরণ শুল্কবৈদ্য, মিরতিংগা চা-বাগানের প্রেমকুমার পাল, খাইছড়া চা-বাগানের নিবাস রিকমন, মাথিউরা চা-বাগানের রূপনারায়ণ গৌড়, জাগছড়া চা-বাগানের অজিত কাহার, হরিণছড়া চা-বাগানের পরেশ নায়েক, আমরাইল চা-বাগানের বিপ্লব কানু প্রমুখ।
স্মারকলিপি দেওয়ার সময় বক্তারা বলেন, চা-বাগান মালিক পক্ষ ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে সর্বশেষ চুক্তির মেয়াদ ২০১১ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে। এরপর আর কোনো চুক্তি হয়নি। চুক্তি সম্পাদনের সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ সার্বিক জীবনমান উন্নয়নের প্রশ্ন জড়িত। নেতারা চুক্তি সম্পাদন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও টালবাহানা বন্ধ করে অবিলম্বে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ একটি মানবিক চুক্তি সম্পাদনের জোর দাবি জানিয়েছেন।