*সিএইচসিপিদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি।
*শনিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার সিএইচসিপি।
*আন্দোলনের কারণে দেশের কমিউনিটি ক্লিনিকে সেবা বন্ধ আছে।
*দিনে প্রায় ৫০ লাখ গ্রামীণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
*চাকরি রাজস্ব খাতে না নিলে কাজে ফিরে যাবেন না আন্দোলনকারীরা।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) আন্দোলনের কারণে দেশের কমিউনিটি ক্লিনিকে সেবা বন্ধ আছে। এতে দিনে প্রায় ৫০ লাখ গ্রামীণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আন্দোলনকারীরা বলছেন, চাকরি রাজস্ব খাতে না নিলে তাঁরা কাজে ফিরে যাবেন না।
চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে সারা দেশের কয়েক হাজার সিএইচসিপি জাতীয় প্রেসক্লাবের সামনে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। নেতারা বলেছেন, ৩১ জানুয়ারির মধ্যে দাবি না মানলে ১ ফেব্রুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন শুরু করবেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, সবুজ অ্যাপ্রোন পরে কয়েক হাজার সিএইচসিপি রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছেন। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ মাইকে দাবি আদায়ের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছেন। কথা হয় রংপুর থেকে আসা রায়হান আলীর সঙ্গে। তিনি বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের দাবি আদায় বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘প্রায় শুরু থেকে সরকার প্রতিশ্রুতি দিয়ে আসছিল আমাদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হবে। সেই প্রক্রিয়াও শুরু হয়েছিল। হঠাৎ তা বন্ধ হয়ে আছে। আমরা চাই সরকার প্রতিশ্রুতি পূরণ করুক।’
ভোলার মনপুরা উপজেলায় ৯টি কমিউনিটি ক্লিনিকে ৯ জন সিএইচসিপি হিসেবে কাজ করেন। তাঁদের সবাই এখন ঢাকায় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের একজন ফয়সাল হাওলাদার বলেন, ‘সব মিলে আমরা ১৬ হাজার ৬০০ টাকা বেতন পাই। অন্য ভাতা নেই। বেতন বৃদ্ধিও নেই। অনেকেরই অন্য চাকরিতে যাওয়ার সুযোগ ছিল। সরকারের আশ্বাসের কারণে যাননি।’
১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আবার কমিউনিটি ক্লিনিক সচল করার উদ্যোগ নেয়। প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি হয়।
এই প্রকল্পের শুরুতে পরিচালক ছিলেন ডা. মাখদুমা নার্গিস। তাঁর সময়েই দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের সেবার ব্যাপ্তি ঘটে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিএইচসিপিদের দাবি সরকার বিবেচনা করে দেখতে পারে।
কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ছয় দিন সেবা দেন সিএইচসিপিরা। এর মধ্যে তিন দিন স্বাস্থ্য সহকারী এবং বাকি তিন দিন পরিবার পরিকল্পনা সহকারীরা তাঁদের সহায়তা করেন। ক্লিনিকে ৩০ ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। বর্তমানে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। প্রতিটি ক্লিনিকে দিনে ৩৫ থেকে ৪০ জন মানুষ স্বাস্থ্যসেবা নেয়। বেশ কিছু ক্লিনিকে প্রসবসেবাও দেওয়া হয়।
এর আগে সিএইচসিপিরা ২০-২২ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং ২৩ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়ের সামনে একই কর্মসূচি পালন করেন।
সিএইচসিপিদের আন্দোলনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘সিএইচসিপিদের চাকরির বিষয়টি সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। আমরা নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক করেছি। তাঁরা যেন দ্রুত কাজে ফিরে যান সে ব্যাপারে জোর উদ্যোগ নেওয়া হবে।’ দাবি পূরণের ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সরকার ট্রাস্ট বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের আওতায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার কথা ভাবছে। তাতে সিএইচসিপিদের চাকরি স্থায়ী হওয়ার পাশাপাশি বাড়তি সুযোগ-সুবিধা থাকবে।
প্রথম আলোর মহেশখালী প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রতিনিধি জানিয়েছেন, এই দুই উপজেলার কোনো কমিউনিটি ক্লিনিকে গত দুই দিন কেউ সেবা পাননি। আরও একাধিক উপজেলার সিএইচসিপিদের সঙ্গে কথা বলে একই তথ্য পাওয়া গেছে।