দৈন্যদশা কাটছে না চলনবিল জাদুঘরের

চলনবিল জাদুঘরের দৈন্যদশা কাটছে না। অযত্ন-অবহেলায় শ্রীহীন হয়ে পড়েছে দুর্লভ প্রত্নসম্পদগুলো। বছর খানেক আগে বেশ কিছু মূল্যবান সম্পদ রাসায়নিক পরিচর্যার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পর জাদুঘরটি প্রকৃতপক্ষে সাইনবোর্ডসর্বস্ব হয়ে পড়েছে। ফলে দর্শনার্থীরা এখানে এসে হতাশ হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৮ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। চলনবিলের ইতিকথা বইয়ের লেখক অধ্যাপক এম এ হামিদ ব্যক্তি উদ্যোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন সদরে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এম এ হামিদের জন্মও এ গ্রামেই। উপমহাদেশের অনেক দুর্লভ নিদর্শন সংরক্ষিত রয়েছে এ জাদুঘরে। তা ছাড়া চলনবিল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি চলনবিল অঞ্চলের মানুষ ও তাঁদের ইতিহাস-কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করাই ছিল মূল উদ্দেশ্য। এ জন্য তিনি একটি ভবনসহ আট শতক জায়গা জাদুঘরের জন্য রেজিস্ট্রি করে দেন। ২০০১ সালে জাদুঘরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চলে যায়।
স্থানীয় লোকজন জানান, জাদুঘরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে চলে যাওয়ার পর অযত্ন আর অবহেলার ছাপ পড়তে থাকে। সংরক্ষিত মূল্যবান সম্পদগুলো সংরক্ষণে আধুনিক সুবিধাসংবলিত কোনো আলমারি (সেলফ) পর্যন্ত বানানো হয়নি। তা ছাড়া প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়নি জাদুঘরটিতে। মূল ভবনটি পুরোনো হওয়ায় স্যাঁতসেঁতে থাকে সব সময়। কালেভদ্রে জাদুঘরটি খোলা হয়। বছর খানেক আগে বেশ কিছু মূল্যবান প্রত্নসম্পদ রাসায়নিক পরিচর্যার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পর সেগুলো আর ফিরিয়ে আনা হয়নি এখনো। ফলে এখন অনেকটাই সাইনবোর্ডসর্বস্ব হয়ে পড়েছে জাদুঘরটি। ফলে দিনকে দিন জাদুঘরটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন দর্শনার্থীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনটির বাইরের অংশে ঝকঝকে রং করা হয়েছে। তবে ভেতরে দুটি কক্ষে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাখা হয়েছে দুর্লভ প্রাচীন নিদর্শনগুলো। অগোছালোভাবে ঘরের খোলা জায়গায় ফেলে রাখায় মূল্যবান এসব প্রত্নতাত্ত্বিক সম্পদে ধুলার আস্তরণ পড়েছে। আকতার হোসেন নামের এক কর্মচারী জাদুঘরটি দেখভাল করলেও তাঁর পক্ষে দুর্লভ সংগ্রহগুলো রক্ষা সম্ভব হচ্ছে না।
প্রত্নতত্ত্ব বিভাগের বগুড়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা গত রোববার মুঠোফোনে বলেন, জাদুঘরটি আধুনিকায়নে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেখানে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সেখানে জাদুঘরটির উদ্যোক্তা এম এ হামিদকে স্মরণীয় করে রাখতে তাঁর ছবিসহ পৃথক একটি গ্যালারি থাকবে। ভবন নির্মাণের পর ফিরিয়ে আনা হবে রাসায়নিক পরিচর্যার জন্য নিয়ে যাওয়া সব প্রত্নসম্পদ।
চলনবিল জাদুঘরে যা রয়েছে: জাদুঘরের প্রবেশপথেই রয়েছে চলনবিলের কৃতী সন্তান প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের পোড়ামাটির মূর্তি। এ ছাড়া দুর্লভ নিদর্শনের মধ্যে রয়েছে তুলট কাগজ, গাছের ছালে লেখা প্রাচীন-মধ্যযুগের পুঁথির পাণ্ডুলিপি, বিভিন্ন সময়ের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। আছে সুলতান নাসির উদ্দিনের নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ, বিভিন্ন ধরনের প্রস্তর, পোড়ামাটির ভাস্কর্য, রাজরাজড়াদের ব্যবহার করা তরবারিসহ যুদ্ধাস্ত্র, রানী ভবানীর স্মৃতিচিহ্ন, মনসামঙ্গলের বেদি-ঘট, বগুড়ার কবি মরহুম রুস্তম আলী ব্যাপারীর দলিল-দস্তাবেজ ইত্যাদি।
খুবজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ও স্থানীয় মেধাবিকাশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, জাদুঘরটি আধুনিকভাবে যাত্রা শুরু করলে দর্শনার্থী বাড়বে। সরকার পাবে রাজস্ব।