দৈন্যদশার মধ্যে যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ছাত্রছাত্রী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ মনছুর খলীলকে প্রধান করে নয় সদস্যের একাডেমিক কাউন্সিল গঠন করা হয়েছে। তবে দৈন্যদশার মধ্য দিয়ে কলেজটির যাত্রা শুরু হওয়ায় সচেতন মহলের অনেকে আশাহত হয়েছেন। কলেজ সূত্রে জানা গেছে, অটো-মাইগ্রেশনসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। কলেজের অধ্যক্ষ মনছুর খলীল গতকাল রোববার প্রথম আলোকে জানান, এ পর্যন্ত ৪৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩০ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র। তিনি আরও জানান, কলেজের অস্থায়ী ক্যাম্পাস শহরের নার্সিং ইনস্টিটিউটে করা হয়েছে।কলেজের একাধিক সূত্র জানায়, ডিসেম্বরের মধ্যে শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী নিয়োগসহ প্রেষণে লোক আনা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ক্লাস চলবে। ছাত্রীদের থাকার জন্য নার্সিং ইনস্টিটিউটের একটি ভবন বরাদ্দ নেওয়া হয়েছে। ছাত্রদের থাকার জন্য গুরুদয়াল সরকারি কলেজের পেছনে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।একাডেমিক কাউন্সিলের সদস্য চিকিৎসক নৌশাদ খান বলেন, ‘দেশের সব কটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির যাবতীয় প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখলাম শিক্ষার্থী ভর্তির জন্য অধ্যক্ষ নিয়োগ ছাড়া কিছুই করা হয়নি। এ অবস্থায় জেলা সদরে কর্মরত চিকিৎসকেরা অনেকটা নিজেদের চেষ্টায় কলেজটি চালু করেছেন।’কিশোরগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ আবু খালেদ পাঠান বলেন, ‘কিশোরগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কিশোরগঞ্জবাসীর দাবি পূরণ হলেও পূর্ণাঙ্গভাবে মেডিকেল কলেজ চালু না হওয়ায় এলাকার মানুষের মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। সরকারের সর্বোচ্চ মহলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকার পরও কলেজের অবকাঠামো তৈরিতে এক ধরনের স্থবিরতা লক্ষ করা যায়। বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে তাঁরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা করি।’সচেতন নাগরিক কমিটির সদস্য অধ্যাপক আবদুল গনিসহ একাধিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি বলেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, স্পিকার আবদুল হামিদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জেলা কিশোরগঞ্জের মেডিকেল কলেজটি এমন দৈন্যের মধ্যে চালু হবে, তা আশাহত করেছে।