দৈভাঙ্গা নদী দূষণ রোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের দৈভাঙ্গা নদীকে দূষণের কবল থেকে রক্ষার দাবিতে গত শুক্রবার বিকেলে নদীর ওপর নির্মিত বেইলি সেতুতে বিলগজারিয়া ও ডুমুর ইছা গ্রামের বাসিন্দারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে দৈভাঙ্গা নদী। স্থানীয় গণস্বাস্থ্য টেক্সটাইল কারখানার বর্জ্য ফেলার কারণে নদীটির পানি দূষিত হয়ে পড়েছে। এর ফলে নদীর আশপাশের চারটি গ্রামের মানুষ চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে রয়েছে। ‘নদী বাঁচাও পরিবেশ বাঁচাও’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন ডুমুর ইছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সেহেল, গ্রামবাসী আবদুল মজিদ, মোকাদ্দেস হোসেন, রোজিনা খাতুন, পরিনা খাতুন প্রমুখ।বক্তারা বলেন, ২০০২ সালে গণস্বাস্থ্য টেক্সটাইল কারখানা চালুর পর থেকে এর বর্জ্য দৈভাঙ্গা নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীর পানি দূষিত হচ্ছে। এর পাশাপাশি নদীর পাশের বিলগজারিয়া, ডুমুর ইছা, জোয়ালভাঙ্গা ও কালিঞ্জা গ্রামের মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে। গ্রামবাসী জানান, এই নদীর পানি ব্যবহার তো দূরের কথা আশপাশের জমির ফসল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। নদীর পানি এমনই দূষিত হচ্ছে যে এলাকার হাঁস-মুরগি, গরু-ছাগল এই নদীর পানি পান করলে মারা যাচ্ছে। এ ছাড়া এলাকার নলকূপের পানিও খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। দিন দিনই এলাকার মানুষের মধ্যে চর্মরোগ ছড়িয়ে পড়ছে। তাঁরা নদীটিকে দূষণ থেকে রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।