দৈর্ঘ্য কমিয়ে মিথ্যা ঘোষণার শাস্তি
প্রকৃত দৈর্ঘ্য কম দেখিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করার অভিযোগে ‘এমভি কী লাঙ্ক’ নামের একটি বিদেশি জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভিন এই জরিমানা করেন। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের নিজস্ব ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কী লাঙ্ক জাহাজে করে থাইল্যান্ডের কোচিচাং বন্দর থেকে প্রায় সাড়ে ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়। বন্দর কর্মকর্তারা জানান, সচরাচর ১৮৬ মিটারের বেশি দীর্ঘ জাহাজকে বন্দরের জেটিতে ঢোকার অনুমোদন দেওয়া হয় না। কী লাঙ্কের প্রকৃত দৈর্ঘ্য ১৮৭ দশমিক ৭৪ মিটার। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজের স্থানীয় এজেন্ট ইউনি শিপিং তথ্য গোপন করে দৈর্ঘ্য ১৮৭ দশমিক ৭৪ মিটারের স্থলে ১৮৫ দশমিক ৭০ মিটার ঘোষণা দিয়ে কী লাঙ্ক জেটিতে আনার ব্যবস্থা করে। এ জালিয়াতির কারণে যেকোনো দুর্ঘটনা থেকে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা ছিল। তাই বন্দর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করে জাহাজটির শাস্তির ব্যবস্থা করে।