চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে নোটিশ না দিয়ে দুটি দোকান উচ্ছেদের অভিযোগ এনেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম জেলা শাখা। এতে রেস্তোরাঁ মালিকদের প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন সমিতির নেতারা।
এই অভিযোগ তুলে ধরতে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতি। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সালেহ আহমদ। লিখিত বক্তব্যে সালেহ আহমদ বলেন, করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিনা নোটিশে নগরের আতুরার ডিপো এলাকায় বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এবং বাগদাদ সুইটস নামের দুটি দোকান উচ্ছেদ করেছেন। অবৈধভাবে পরিচালিত এই অভিযানে দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তাই বিষয়টি তদন্ত করে দোকানমালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, রেস্তোরাঁ মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল গফুর, নূর মোহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার, বাগদাদ হোটেলের মালিক আলী আজগর, আক্কাস আলী প্রমুখ। তবে উচ্ছেদ করার আগে দোকান মালিকদের পাঁচবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ও করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।