দোকান ও বসতঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতঘর পুড়ে গেছে। একই দিন ফরিদপুরের মধুখালীতে আগুনে দুটি বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে কাপুড়িয়াপট্টির মিহির কুমার সাহার তুলা ছাঁটাইয়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ২০টি দোকান, চারটি বসতঘর ও একটি কালীমন্দিরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ভান্ডারিয়া, বরগুনা ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হাসান বলেন, আগুনে কাপড় ও লেপ-তোশকের ২০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পুড়ে যাওয়া তিনটি বসতঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুট হয়।
পুড়ে যাওয়া একটি বসতঘরের গৃহকর্ত্রী রানী বেগম বলেন, ‘আগুন লাগার পর একদল যুবক আমার বাসায় আসে। তারা ঘরের মালামাল সরিয়ে নিতে সহযোগিতা করার কথা বলে আমারসহ তিনটি ঘরের স্বর্ণালংকার ও টাকা লুট করে।’
গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ও জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার পাইকপাড়া গ্রামের দুটি বসতঘর আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রহিম ফকির বলেন, আগুনে ওই গ্রামের আমিরউদ্দিনের ছেলে মো. কামরুল ইসলাম ও পাশের মমতাজের বাড়ির দুটি টিনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত©হয়।