দোকান ঘর গুদাম পুড়ে ছাই সাড়ে ৪ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের লোহাপট্টিতে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান, নয়টি গুদাম ও দুটি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাড়ে চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সাংসদ মো. জাফর আলী, জেলা প্রশাসক এ বি এম আজাদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দোকান ও গুদামগুলোতে রং, স্প্রিট ও রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মালামাল সরানোর সুযোগ পাননি তাঁরা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেন। রাত সাড়ে তিনটায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় লোহাপট্টির মোজামেঞ্চল অ্যান্ড সন্স, নূর হার্ডওয়ার স্টোর, গোলাপ হোসেন হার্ডওয়্যার, সিরাজ উদ্দিন অ্যান্ড ব্রাদার্স, মেসার্স ইয়াসিন ব্রাদার্স, মেসার্স আমানত হার্ডওয়্যার, মেসার্স পাড়জোয়ার হার্ডওয়্যার, এস এম স্টোর, শিউলী হার্ডওয়্যার, সুজন হার্ডওয়্যার, মেসার্স আলী হার্ডওয়্যার, সুমাইয়া ট্রেডার্স ও সেতু স্টোর এবং নয়টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া আগুনে ব্যবসায়ী সুজন ও সিরাজ উদ্দিনের বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দেয়ালচাপায় কুড়িগ্রাম স্টেশনের ফায়ারম্যান শাহ আলম (৪৩) আহত হন। তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরের ইউএনও মোস্তাফিজার রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়ীরা তাঁর কাছে চার কোটি ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাবের দিয়েছেন।